ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর থেকে বরাহনগর, পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা
ফের মেট্রো বিভ্রাট! কর্মব্যস্ত সকালেই সমস্যায় পড়লেন মেট্রোযাত্রীরা। আজ পরিষেবা শুরু হওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সিগন্যাল সমস্যার কারণে ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। চরম ভোগান্তির শিকার হন অফিসযাত্রী এবং ছাত্রছাত্রীরা।

সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ এই সমস্যা দেখা দেওয়ার কারণে দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সীমিত পথে মেট্রো চালু রয়েছে। ঠিক কবে পুরো রুটে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও কোনও কিছুই নিশ্চিত করে জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ।
সকালের এই ব্যস্ত সময়ে হঠাৎ করে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্য যাত্রীরা। হঠাৎ করে ট্রেন বাতিল হওয়ার কারণে স্টেশনগুলিতে ক্রমশ ভিড়ও বাড়তে শুরু করেছে।
কোথাও কোথাও আবার দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মেট্রো না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। অনেকেই আবার বাধ্য হয়ে বাস, ট্যাক্সি অথবা অন্য যানবাহনের সাহায্যে অফিস এবং স্কুলে যাওয়ার চেষ্টা করছেন। নিত্যদিনের এই ধরনের বিভ্রাটে যাত্রীরা কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছেন অনেকেই।
বিশেষ করে স্কুলপড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে বেশি সমস্যা দেখা যায়। আচমকা ট্রেন থেকে নামতে বলা হলে বিভ্রান্ত হয়ে পড়ে অনেক ছোট পড়ুয়ারা।
নিত্যযাত্রীদের অভিযোগ যে, ব্লু লাইনে সিগন্যাল, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সময়েই পরিষেবা ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি যে, এই ধরনের সমস্যা এখন রোজকার ঘটনায় পরিণত হয়ে গিয়েছে।
যাত্রীরা আরও অভিযোগ করেছেন যে, নতুন রুট চালু হওয়ার পর থেকেই ব্লু লাইনের পরিষেবা ক্রমশ খারাপ হচ্ছে। নির্দিষ্ট সময়ে ট্রেন চলে না, প্রায়ই দরজা বন্ধ হওয়ার সমস্যা দেখা যায়। কখনও কখনও আবার কোনও আগাম ঘোষণা ছাড়াই মেট্রো বাতিল করে দেওয়া হয়। স্টেশনে পরিষ্কার করে সমস্ত তথ্য না দেওয়ার কারণে আরও বিভ্রান্তি তৈরি হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications