কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি, মমতা অঙ্ক কষে দেখিয়ে দিলেন পতনের পথ
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মোদী হটাওয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন পথে এবং কোন সমীকরণে তা সম্ভব, ২০১৯-এর আগে শেষ একুশে জুলাইয়ে মঞ্চ থেকেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মোদী হটাওয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন পথে এবং কোন সমীকরণে তা সম্ভব, ২০১৯-এর আগে শেষ একুশে জুলাইয়ে মঞ্চ থেকেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন কেন ২০১৯-এ বিজেপি জিতবে না। একেবারে রাজ্য ধরে ধরে বিজেপির প্রাপ্তির পরিসংখ্যান তুলে মমতা নির্দিষ্ট করে দিলেন বিজেপির পতনের পথ।

মমতা বন্দ্যোপাধ্যায়র বলেন, অনাস্থা নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন ২০২৪-এও বিজেপি জিতবে। কিন্তু আগে তো ২০১৯ পার হও বন্ধু, তারপর ২০২৪। ২০১৯-এই বিজেপি ফিনিশ হয়ে যাবে। তার রূপরেখা যেমন তৈরি, অঙ্কও কষে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০১৯-এ জেতা বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা তো দূর অস্ত, বিজেপি সাকুল্যে ১০০ থেকে ১৫০ আসন পাবে।
কোন অঙ্কে সেটা সম্ভব, তাও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভবিষ্যদ্বাণী, আস্থা ভোটে যাদের ভোটে বিজেপি শুক্রবার জয়ী হয়েছে, সেই এআইএডিএমকে এবার তামিলনাড়ুতে একটি আসনও পাবে না। ফলে তামিলনাড়ু বিজেপিকে ৩৭-এ শূন্য দেবে। আর যে উত্তর প্রদেশে বিজেপি ৮০টির মধ্যে ৭২টি আসনে জিতেছিল, এবার সেখানে মায়াবতী-অখিলেশের জোট হলে ৩০টি আসন মোদী-শাহরা পাবেন কি না সন্দেহ। অর্থাৎ এখানে ৫০ মাইনাস।
তারপর মধ্যপ্রদেশে ২৮টির মধ্যে গতবার ২৮টিই পেয়েছিল বিজেপি, এবার সেখানে আটটিও পাবে না। রাজস্থানে ২৫-এ পাঁচ পাবে না বিজেপি। আর সবথেকে বড় ভবিষ্যদ্বাণী করলেন গুজরাট নিয়ে। গুজরাটে বিজেপি শূন্য পাবে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, বিহারে বিজেপির সব আশায় জল ঢেলে দেবেন লালুপ্রসাদ যাদব। আর বাংলায় বিজেপিকে পুরোপুরি খেয়ে নেবেন মানুষ, ওড়িশাতে নবীন পট্টনায়ক আর পাঞ্জাবে অমররিন্দর সিং বিজেপিকে খেয়ে নেবে।
মমতার প্রশ্ন, তাহলে বিজেপি আসন পাবে আর কোথায়। গোটা ভারতে গুড়িয়ে-গাড়িয়ে ১০০ থেকে ১৫০-এর বেশি আসন পাবে না বিজেপি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছেও পৌঁছতে পারবে না বিজেপি। ২০১৯-এ সরকার গড়া তো দূর অস্ত, অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে নরেন্দ্র মোদী-অমিত শাহদের। একুশের মঞ্চ থেকে এই ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications