'সৌরভের আইসিসি সভাপতি হওয়ার কথা ছিল...' রিচার সংবর্ধনা অনুষ্ঠানেও 'পুরনো ক্ষত' মনে করালেন মমতা
বিশ্বকাপজয়ী প্রথম বাঙালি ক্রিকেটার ঘোষকে এদিন কলকাতায় সংবর্ধনা দিল সিএবি। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচাকে সংবর্ধনা-উপহারের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে সাম্মানিক চাকরিও দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে 'ঠোঁটকাটা' মুখ্যমন্ত্রী বাংলার আর এক আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের কথা মনে করিয়ে দিলেন এদিন।
রিচার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবসময় সোজা কথা সোজাভাবে বলি। বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু বাংলা নয়, দেশ নয়, সারা বিশ্বের কাছেই আইকন। তিনি সকলের অনুপ্রেরণা। এমন একজন মানুষ যাকে নিয়ে বাংলা গর্ব করে।

মমতার কথায়, সৌরভের আইসিসি সভাপতি হওয়ার কথা ছিল। তবে কোনও এক কারণে তিনি হতে পারেননি। কারণটির কথা মুখ্যমন্ত্রী মমতা উহ্য রাখলেও তিনি যে ঘুরিয়ে জয় শাহকে কটাক্ষ করেছেন তা বুঝতে কারও এক মুহূর্ত সময় লাগেনি।
এখানে না থেমে মুখ্যমন্ত্রী বলেন, সৌরভ আজকে আইসিসি সভাপতি হতে পারেনি। তবে আগামী দিনে অবশ্যই হবে। সৌরভকে থামিয়ে রাখা যাবে না। সৌরভের মতো ব্যক্তিত্বকে থামিয়ে রাখা যায় না।
রিচাকে খুঁজে বের করেছিলেন বাংলার আর এক ক্রিকেট আইকন ঝুলন গোস্বামী। এদিন ঝুলনেরও ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, যে কঠিন পরিশ্রমের পর ঝুলনরা সাফল্যের রাস্তা তৈরি করে দিতে পেরেছিলেন, সেই পথে হেঁটেই রিচারা বিশ্বজয় করেছেন।
এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রিজা ঘোষের বাবা এবং মাকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁরা না থাকলে অথবা তাঁদের সমর্থন না থাকলে রিচা ক্রিকেটে এই উচ্চতায় উঠতে পারতেন না বলেও মনে করিয়ে দেন মমতা।












Click it and Unblock the Notifications