মোদীবাবুর রাগ হয়েছে! প্রধানমন্ত্রীকে 'ডাকাত সর্দার' কটাক্ষে চরম বার্তা মমতার
মোদীকে চোরেদের সর্দার, ডাকাত সর্দার বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন, নরেন্দ্র মোদী ডাকাতদের সিন্ডিকেট চালান।
মোদীকে চোরেদের সর্দার, ডাকাত সর্দার বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন, নরেন্দ্র মোদী ডাকাতদের সিন্ডিকেট চালান। সিবিআই তাঁদের ন-ঘণ্টা জেরা করেছিল বলে তিনিও সিবিআই লেলিয়ে দেবেন? মোদীজি নিজে দাঙ্গায় যুক্ত ছিলেন, তাই সিবিআই তাঁকে জেরা করেছিল। তিনি এখন ক্ষমতায় এসে সবাইকে অপরাধী ভাবছেন।

এবার আর রক্ষা নেই
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসলে মোদীবাবুরা জেনে গিয়েছেন, এবার আর রক্ষা নেই। হার অবধারিত। বারাণসী থেকেও জিততে পারবেন না স্বয়ং মোদীজি। তাই মোদীবাবুর রাগ হয়েছে। ওনার রাগ, বাংলা কেন ওনাকে বিদায়ের পথ দেখাবে। সেই কারণেই বাংলাকে টার্গেট করেছে। বহিরাগত নেতাদের এনে সভা করছেন।

সবাই এক হয়েছে
মমতা বন্দ্যেপাধ্যায়ের হুঁশিয়ারি, বহিরাগতদের এ রাজ্যে এনে কোনও লাভ নেই। বাংলা নিজেদের সামলাতে জানে। বাংলা নিজেকে সামলেও নেবে, কিন্তু আপনারা সামলাতে পারবেন না। এবার লোকসভায় হারবেনই। সবাই এক হয়েছে, মোদী হটাওয়ের ডাক তুলেছে। তাই সম্মিলিত ভারতের কাছে আপনার প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে যাবে।

আগে পরিবর্তন হবে দিল্লিতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাবধান করে মমতা বলেন, মোদীবাবু জানবেন, সবার আগে পরিবর্তন হবে দিল্লিতে। আমাদের এখনও অনেক দেরি আছে। এই ২০১৯-এ দিল্লিতে পরিবর্তনের অনেক পরে ২০২১-এ বিধানসভা। তাই নিজেরা আর ফিরতে পারবে না জেনেই এখন বাংলা নিয়ে পড়েছেন। বাইরে থেকে লোক আনছেন। বৃথা চেষ্টা করছেন, হেলিকপ্টারে যাতায়াতের খরচ বেড়েই চলেছে। দেশ রসাতলে যাচ্ছে।

সারা দেশে পরিবার নেই
তিনি বলেন, এবার মোদীর বিদায় আসন্ন। বিজেপি সরকারের মেয়াদ ফুরিয়েছে। তাই অন্যের বিদায়ের কথা না ভেবে, নিজেদের বিদায় নিয়ে ভাবুন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। ওনার রাজত্বে ১২ হাজার কৃষক মারা গিয়েছে। সারা দেশে কোনও পরিবার নেই। দেশের জন্য কাজ করেনি সরকার। দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

অহংকার আর দাম্ভিকতার সরকার
দেশে এই পাঁচ বছরে উদ্ধত্য, অহংকার আর দাম্ভিকতার সরকার চালাচ্ছে। ওনার নিজস্বতা বলে কিছু নেই। বক্তৃতা পর্যন্ত পড়ে দেন তিনি। মমতার কথায়, যাঁদের সারা শরীরে হিংসার রক্ত, তাঁদের কাছে গণতন্ত্র শিখব না। ওঁরা এনআরসি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ওনাকে দাঙ্গা করতে দেব না। বাঙালি বাঙালি যুদ্ধ লাগাতে দেব না।

শুধু বিজেপি! থাকবে না
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু বিজেপি থাকবে, দেশে কেউ থাকবে না, সেটা হতে পারেনা। সারা ভারত এক থাকবে, উনি বিদায় নেবেন। আর এক মাস পরেই ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। তারপর লোকসভাতে সারা ভারত থেকেই মুছে যাবেন ওনারা।












Click it and Unblock the Notifications