lok sabha election 2024: অনুমতি দিয়েও শুভেন্দু'র সভা বাতিল পুলিশের! কোথায় কমিশন? প্রশ্ন অনির্বাণের
Lok Sbha Election 2024: অনুমতি দিয়েও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা বাতিল করল পুলিশ। যাদবপুর লোকসভা কেন্দ্রে (Jadavpur Lok Sabha constituency) এবার অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে (Anirban Ganguly) প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনেই ভাঙরের তিন নম্বর কলোনি মাঠে সভা করার কথা ছিল বিরোধী দলনেতার। কিন্তু শেষ মুহূর্তে পুলিশের তরফে সেই সভা বাতিল করা হয়েছে।
হঠাত কেন বাতিল করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন সেই আবেদন করতাম। ঘণ্টাখানেকের সভা ছিল। কিন্তু হঠাত করে বাতিল করে দেওয়া হল। ১০০ মিটার দুরে তৃণমূলের সভা আছে এই অজুহাতে সভা পুলিশ বাতিল করেছে বলে অভিযোগ।

শুধু তাই নয়, এই বিষয়ে কটাক্ষ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, কোথাও মাঠে তৃণমূল নেই। বিজেপির সঙ্গে পুলিশের লড়াই চলছে। এই প্রসঙ্গে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। বলেন, কয়লা ভাইপোর টাকা খেয়ে পুলিশ এই সব করছে। তাঁর কথায়, গণতন্ত্র এবং স্বাধীনতা বিপন্ন। মানুষকে এর জবাব আগামী ১লা জুন শেষ দফায় দেওয়ার আবেদন জানান বিরোধী দলনেতা।
শুধু তাই নয়, আগামী ৪ জুনের পর ওই মাঠেই কৃতঞ্জতা সভা করার কথা বলেন। পুলিশ অনুমতি না দিলে আগামীদিনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। অন্যদিকে এই বিষয়ে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, এই রাজ্যে পুলিশ কীভাবে কাজ করে তা সবারই জানা রয়েছে। ভাঙরে সভা যাতে না করতে পারি সেজন্য সব রকম ভাবে চেষ্টা চলেছে বলে অভিযোগ বিজেপি নেতার। শুধু তাই নয়, তাঁর কথায় কমিশন সুকান্ত মজুমদার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে সক্রিয়। কিন্তু কেন এগুলো নির্বাচন কমিশন দেখছে না তা নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
বলে রাখা প্রয়োজন, গত ২৪ ঘণ্টা আগে অর্থাৎ মঙ্গলবার অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বারুইপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভার মাইক এবং তার কেটে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কিন্তু ভয় না পেয়ে বিজেপি এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে জয়ের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications