সুপ্রিম কোর্টে ধাক্কা খেতেই ফিরল তৎপরতা, আরজি করে হামলার ঘটনায় সাসপেন্ড তিন পুলিশ আধিকারিক
আরজি করের ১৪ অগাস্ট রাতে হামলার মোকাবিলায় কলকাতা পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করেছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে সেই ঘটনায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তী সময়ে যুবভারতীর আশপাশে বিক্ষোভ মোকাবিলায় ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। সেই সময় বিক্ষোভকারীরাই প্রশ্ন তোলেন ১৪ অগাস্টের রাতে এই পুলিশরা কোথায় ছিল?
মঙ্গলবার আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় ওঠে ১৪ অগাস্ট রাতে হাসপাতালে হামলার প্রসঙ্গ। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল সেই হামলা রাজনৈতিক ছিল বলে বলার চেষ্টা করেন। কিন্তু তিনিই চরম ভর্ৎসনার মধ্যে পড়েন।

ভাঙচুরের ঘটনায় প্রশ্ন
এদিন প্রধান বিচারপতি শুনানির সময় ১৪ অগাস্ট হাসপাতালে তাণ্ডবের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, মাঝ রাতে সাত হাজার লোকের জমায়েত হয়ে গেল আর পুলিস তা জানতে পারল না! তিনি প্রশ্ন করেন, তাহলে পুলিশ কি হাসপাতালে ভাঙচুরের অনুমতি দিয়েছিল? এব্যাপারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হাসপাতালে ভাঙচুর চলতে দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির উদ্বেগ
প্রধান বিচারপতি বলেন, ১৩ অগাস্ট আরজি করের ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। আর ১৪ অগাস্ট রাত সাড়ে বারোটা নাগাদ তাণ্ডব চলে। তিনি প্রশ্ন করেন কী কী হচ্ছে সেখানে? বোঝা যাচ্ছে না, স্বাধীনতা দিবসের দিন কেন রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে পারল না! তবে সরকারের আইনজীবী কপিল সিবাল উল্লেখ করেন, সেদিনের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট কার্যত কলকাতা পুলিশের প্রতি অনাস্থা জানিয়ে আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়।
সাসপেন্ড ৩ পুলিশ আধিকারিক
এদিকে এদিন সুপ্রিম কোর্টে আরজি করের হামলা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পরেই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেদিনের ঘটনায় তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এঁদের মধ্যে দুইজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইনস্পেক্টর।
ব্যর্থতা স্বীকার করেছিলেন পুলিশ কমিশনার
তবে গত ১৬ অগাস্ট করা সাংবাদিক সম্মেলনে ১৪ অগাস্ট রাতে আরজি করে হামলা রুখতে ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ভিডিও দেখিয়ে তিনি বলেছিলেন, সেদিন রাতে আরজি করে ওত লোক ঢুকে পড়বে, তা তারা আন্দাজ করতে পারেননি। তিনি বলেন, নেতাহীন ভিড় সেদিন হাসপাতালে ঢুকে পড়েছিল। ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, কত ফোর্স রাখা উচিত ছিল তা স্থির করতে পারেনি তাঁরা।












Click it and Unblock the Notifications