নিয়োগ দুর্নীতিতে এবার জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের জামিন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেলেন। এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এই নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মোট পাঁচজন জামিন পেলেন বলে খবর।
বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের তরফে জামিনের আবেদন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন। তিনি তদন্তকারীদের সব রকম সাহায্য করতে প্রস্তুত। তাকে জামিন দেওয়া হোক। এই আবেদন করা হয়েছিল। শেষপর্যন্ত কিছু শর্তসাপেক্ষে মঞ্জুর হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন।

জামিন পেলেও কিছু কড়া নির্দেশ, শর্ত থাকছে প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির উপরে। পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখতে হবে তাকে। শুধু তাই নয়, বিধাননগর ও পার্কস্ট্রিট থানা এলাকার মধ্যে যেতে পারবেন না কল্যাণময়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছিল। গত বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়।
এখন অবধি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মোট পাঁচজন জামিন পেলেন। এর আগে জামিন পেয়েছিলেন প্রসন্নকুমার রায়। নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ একবছর পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে মামলা শুরু হয়নি বলে জানা যায়। আদালতে ভর্ৎসনার মধ্যে পড়েন তদন্তকারীরা। জামিন দেওয়া হয় প্রসন্নকুমারকে।
জামিন পেয়েছেন নিলাদ্রী দাসও৷ তিনি নাইসার ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট বিক্রিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বিচারক তার জামিন মঞ্জুর করেছিলেন। জামিন পেয়েছেন বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্যও।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখনও গ্রেফতার রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক বছরেরও বেশি সময় ধরে তিনি জেলবন্দি। একাধিকবার জামিনের আবেদন করা হয় আদালতে। শারীরিক সমস্যার কথাও তুলে ধরা হয়। পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী ব্যক্তি। বাইরে থাকলে সমস্যা হতে পারে। এই দাবি বারবার করা হয়েছে তদন্তকারীদের পক্ষ থেকে।
চলতি বছরের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। আদালত এই কথা জানিয়ে দিয়েছে। এদিকে জামিন পাচ্ছেন একে একে। তাহলে তদন্ত কোন পথে রয়েছে?












Click it and Unblock the Notifications