রাজ্য না করলে কাজ করবে কেন্দ্র! নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর হুঁশিয়ারির মাত্রা বদল কৈলাসের
রাজ্যে নাগরিকত্ব বিল চালু করা নিয়ে চ্যালেঞ্জ নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
রাজ্যে নাগরিকত্ব বিল চালু করা নিয়ে চ্যালেঞ্জ নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি বলেন, আইন লাগু হওয়ার পরে রাজ্য সরকার যদি শরণার্থীদের নাগরিকত্ব না দেয়, তবে জোর করে তাঁদের নাগরিকত্ব দেবে কেন্দ্র।

পশ্চিমবঙ্গের জন্য বড় দিন
বৃহস্পতিবার কৈলাস বিজয়বর্গীয় বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশের দিনটি পশ্চিমবঙ্গের জন্য যথেষ্টই বড় দিন। এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ভারতীয় জনতা পার্টির জয়, মতুয়া সমাজের জয়, নমশূদ্র সমাজের জয়, রাজবংশী সমাজের জয়, আর যাঁরা শরণার্থী হয়ে এরাজ্যে রয়েছেন তাঁদেরও জয়।

তৃণমূল আর মমতার হার
একইসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর টিএমসির সব থেকে বড় হার তাদের জীবনে। অহংকার দিয়ে রাজ্য চালানো যায় না, এদিন মন্তব্য করেছেন কৈলাস বিজয়বর্গীয়।

রাজ্য না করলে কাজ করবে কেন্দ্র
কৈলাস বিজয়বর্গীয় বলেন, নাগরিকত্ব দেওয়ার কাজ কেন্দ্রীয় সরকারের। সংসদে বিল পেশের পর সেই দায়িত্ব রাজ্য সরকারের। যদি রাজ্য সরকার এই কাজ না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকারের কারণে যদি কেউ নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়, তবে কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতায় নাগরিকত্ব দেবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। মোদী আর অমিত শাহ এই কাজ করবেন।

আগে ধন্যবাদ মোদী-শাহকে
বুধবার রাতে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ জানান বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি দাবি করেন, এই বিল পাশ হওয়ায় তৃণমূলের হার হয়েছে। এই বিল পাশ হওয়াকে বাংলার মানুষের জয় বলেও ব্যাখ্যা করেন তিনি। কৈলাস বিজয়বর্গীয় বলেন, এই জয় মতুয়া সমাজ, রাজবংশী সমাজের জয়।












Click it and Unblock the Notifications