মেডিক্যাল কলেজ থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করতে চান জুনিয়র ডাক্তাররা, ইমেল গেল পুলিশের কাছে
চিকিৎসকদের মহামিছিল কোন পথে হবে? তাই নিয়ে শুরু হয়েছে জটিলতা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ। অন্য রাস্তায় এই মহামিছিল করতে চান জুনিয়র চিকিৎসকরা। এই বক্তব্য রেখে কলকাতা পুলিশকে দ্বিতীয় একটি ইমেইল করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই অনুমতি নিয়ে জটিলতা চলছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে আবার কলকাতা পুলিশকে ইমেইল করা হয়েছে। মেডিক্যাল কলেজের সামনে থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত তারা মিছিল করতে চান। এই রাস্তায় কোনও পুজো মণ্ডপ থাকছে না। যানজটের সমস্যা হওয়ার কথা নয়। এই মর্মে কলকাতা পুলিশকে বার্তা পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার পঞ্চমীর বিকেলে ফের রাজপথে প্রতিবাদে নামবেন জুনিয়র চিকিৎসকরা। মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এই কথা পরিষ্কার করে দিয়েছেন আন্দোলনকারীরা।
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হবে আজ মঙ্গলবার। গতকাল সোমবার সাংবাদিক বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ৷ তিনি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে সরে আসতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই বার্তা মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা।
কিন্তু মহামিছিল করার ক্ষেত্রে পুলিশ অনুমতি দিচ্ছে না। নির্ধারিত রাস্তায় কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের দুটি বড় পুজো রয়েছে। পঞ্চমীর দুপুর থেকেই ঠাকুর দেখার ভিড় থাকবে। সেই কারণেই পুলিশ ওই রাস্তায় কোনও সমাবেশ, মিছিলের অনুমতি দিচ্ছে না। অনুমতি নিয়ে এখন পুলিশ প্রশাসনের সঙ্গে চিকিৎসকদের টানাপোড়েন চলছে।
রাজ্যের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে আরও জটিল হচ্ছে পরিস্থিতি? জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন। আমরণ অনশনেও বসেছেন তাঁরা। জুনিয়রদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়ররাও৷ এবার রিলে অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা রিলে অনশন শুরু করবেন। সোমবার গভীর রাতে এই সিদ্ধান্তের কথা ঠিক হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর'স ফোরামের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ অনির্দিষ্টকালের জন্য এই রিলে অনশন চলবে৷
ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে প্রতিবাদ চলছে জুনিয়র চিকিৎসকদের। সাত জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন। এবার সেই অনশন মঞ্চে দেখা যাবে সিনিয়র চিকিৎসকদেরও৷ ১২ ঘণ্টা করে সিনিয়র চিকিৎসকরা প্রতীকী অনশন করবেন।
আরজি কর কাণ্ডের পরে প্রতিবাদের ঝড় উঠেছে স্বাস্থ্যক্ষেত্রে। সরকার সঠিক পদক্ষেপ না করলে এই আন্দোলন থামবে না৷ তাঁদের দাবিপূরণে সঠিক পদক্ষেপ সরকার না করা পর্যন্ত আন্দোলন চলবে। এই কথাও জানানো হয়েছে৷ বলা হয়েছে, এবার ১২ ঘণ্টা করে রিলে অনশন করবেন সিনিয়র চিকিৎসকরাও৷ সকাল ন'টা থেকে রাত ন'টা এই ১২ ঘণ্টা ধরে রিলে অনশন চলবে৷
ধর্নামঞ্চেই সিনিয়র চিকিৎসকরা এবার অনশন করবেন। চিকিৎসকদের উপস্থিতির সংখ্যা আরও বাড়বে। এই কথা মনে করা হচ্ছে। আজ সকাল থেকেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে প্রতীকী অনশন শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের। ১২ ঘণ্টার এই আন্দোলন কর্মসূচি চলবে।












Click it and Unblock the Notifications