একমঞ্চে বুদ্ধ-রাহুল : রাজ্য তো বটেই, দেশের রাজনীতিতে এ এক বিরল ফ্রেম
রাজ্য-রাজনীতি তো বটেই সারা দেশের রাজনৈতিক ইতিহাসে এ এক বিরল ঘটনা। এরপরে বোধহয় কেউ জোর গলায় বলতে পারবেন না সূর্য কোনওদিন পশ্চিমে উঠবে না। প্রায় সেরকমভাবেই অসম্ভবকে সম্ভব করার মতো ঘটনা ঘটল রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে।
এদিন পার্ক সার্কাস ময়দানে কংগ্রেসের ডাকা সভায় হাজির হলেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু তাই নয়, সেই সভায় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে একমঞ্চও ভাগ করে নিলেন বুদ্ধবাবু।

দুটি জাতীয় দলের শীর্ষ নেতৃত্ব কবে এমন কাণ্ড ঘটিয়েছেন তা কোনও রাজনৈতিক বিশেষজ্ঞও মনে করতে পেরেছেন বলে মনে হয় না। যে কংগ্রেসের বিরুদ্ধে এতকাল লড়াই করে রাজ্য়ে ক্ষমতার টিঁকে ছিল বামফ্রন্ট, সেই কংগ্রেসের সঙ্গে একমঞ্চ ভাগ করা শুধু ঐতিহাসিক নয়, রাজ্য রাজনীতিতে বিরলতম ঘটনা।
এর আগে লোকসভায় কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন দিয়েছে বামেরা। পরে পরমাণু চুক্তি সম্পর্কিত কারণে ২০০৮ সালে তারা সরকার ছেড়ে বেরিয়েও গিয়েছে। আর এরপরে এই বিধানসভা নির্বাচনে জোট না আসন সমঝোতা, নাকি রাজনৈতিক বোঝাপড়া, তা নিয়ে প্রথমদিকে নানা দ্বন্দ্ব রেখে দিয়েছিলেন বাম নেতারা।
তবে সময় যত এগিয়েছে, তৃণমূলকে আটকাতে ততই জোটবার্তা স্পষ্ট করার তাগিদ অনুভব করেছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। আর তার ফলস্বরূপ সোনিয়া গান্ধীর সভায় গিয়েছেন রবীন দেব, আসানসোলে রাহুলের সভায় গিয়েছেন বংশগোপাল চৌধুরীর মতো বাম নেতারা।
তবে পঞ্চম দফার আগে এসে কংগ্রেসের ডাকা সভায় অতিথি হিসাবে হাজির হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এক অনন্য নজির তৈরি করলেন। যে বুদ্ধবাবু শারীরিক অসুস্থতার জন্য একটি রোড শো ছাড়া আর কিছু এই নির্বাচন উপলক্ষে করেননি, তিনি রাহুলের সভায় হাজির হয়ে তৃণমূলকে হঠানোর ডাক দিলেন।
অন্যদিকে রাহুল গান্ধীও বুদ্ধবাবুর পদাঙ্ক অনুসরণ করে কেন্দ্রে বিজেপি ও রাজ্য়ে তৃণমূল সরকারকে হঠানোর ডাক দিলেন। কীভাবে কেন্দ্রে মোদী সরকার ও রাজ্যে মমতা সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে তা তুলে ধরার চেষ্টা করেন।
তবে এদিন সব আলোচনা, বক্তৃতা একদিকে সরিয়ে এই একটা ফ্রেমই ইতিহাসে জায়গা করে নিল, একফ্রেমে 'বুদ্ধ-রাহুল'। রাজ্য়ে এখনও বামেদের প্রধান মুখ ও সারা দেশে কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড যেভাবে পাশাপাশি বসে, কথা আদানপ্রদান করে জোট বার্তা দিলেন তা সত্যিই বিরল। এর সঙ্গে কোনও কিছুর সত্যিই তুলনা চলে না।












Click it and Unblock the Notifications