কাউন্সেলিংয়ের মর্যাদা রক্ষায় হাইকোর্টের রায়, আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং অনিকেতের
কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল রায়গঞ্জ নয়,আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং পাবেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে এই নির্দেশ দেন।
অনিকেতের যুক্তি ছিল, যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে পছন্দের জায়গা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে তার মানে কোথায়? রাজ্য স্বাস্থ্য দফতর কেন সেই তালিকা মানছে না? তাঁর পোস্টিং রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হলে তিনি আদালতের দ্বারস্থ হন।

এই মামলার রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি বসু স্পষ্ট জানিয়ে দেন অনিকেতকে রায়গঞ্জ নয়, আরজি করেই কাজ করতে হবে।
আরজি করে চিকিৎসক ধর্ষণ হত্যার পর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেত। এই আন্দোলনে সামিল হওয়া আরও দুই জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া পোস্টিং পান যথাক্রমে মালদহের গাজোল ও হুগলির আরামবাগে। তিনজনকেই পছন্দের বাইরে পোস্টিং দেওয়ায় শুরু হয় বিতর্ক।
জুনিয়র ডাক্তারদের দাবি, নিয়ম মেনে কাউন্সেলিংয়ের সময় তাঁরা কোথায় নিয়োগ চান তা জানিয়েছিলেন। কিন্তু কাকতালীয়ভাবে শুধু আন্দোলনের মুখ্য নেতাদেরই পছন্দের বাইরে পোস্টিং দেওয়া হয়। এরই প্রতিবাদে তিনজনই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে দেবাশিস ও আসফাকুল্লার মামলা হাই কোর্টে গিয়েছিল। এরপরে অনিকেতও মামলা দায়ের করেন।
রায়ের পর রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, ৭ অক্টোবর পর্যন্ত এই নির্দেশ স্থগিত রাখা হোক। কিন্তু বিচারপতি বসু সেই আবেদনও খারিজ করেন। ফলে আপাতত হাই কোর্টের রায়ের জেরেই অনিকেত থাকছেন আরজি কর মেডিক্যাল কলেজে।
তবে প্রশ্ন উঠছে কাউন্সেলিংয়ের নিয়ম ভেঙে দেওয়া হলে, ভবিষ্যতে জুনিয়র ডাক্তারদের নিয়োগ প্রক্রিয়ার প্রতি আস্থা কিরূপ থাকবে?












Click it and Unblock the Notifications