ভারতীয় সেনায় কর্মরত পাকিস্তানি নাগরিক! দেশের নিরাপত্তার প্রশ্নে কড়া নির্দেশ হাইকোর্টের
পাকিস্তানি নাগরিককে ভারতীয় সেনায় নিয়োগ করা হয়েছে বলে অভিষোগ উঠল। আর এই তথ্য সামনে আসা মাত্রই অবিলম্বে সিআইডিকে অভিযোগ গ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, আইএসআই ভারতীয় সেনায় চর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এই অভিযোগ সামনে আসায় দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিচারপতি রাজাশেখর মান্থার এই ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেন। সিআইডিকে অভিযোগ গ্রহেণর নির্দেশ দেওয়ার পাশাপাশি সিবিআইকে মামলায় পার্টি করার নির্দেশও দেন তিনি।

দুই পাকিস্তানি নাগরিক বারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলে মামলা দায়ের হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এই মামলায় বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, এ তো মারাত্মক অভিযোগ। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে।
তিনি এ বিষয়ে সিআইডির কাছ থেকে প্রাথমিক রিপোর্ট তলব করেছেন। এমনকী জিওসি ইস্টার্ন কমান্ড ও মিলিটারি পুলিশকে এই মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ, দুই পাকিস্তানি নাগরিককে ভারতীয় সেনার নিয়োগের পিছনে এ রাজ্যের পুলিশ, ভিনরাজ্যের পুলিশ, সেনাবাহিনীতে কর্মরত আধিকারিক ও প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র রয়েছে।

অভিযোগ করা হয়, পুলিশ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক জাল আবাসিক শংসাপত্র ও জাতিগত শংসাপত্র বানিয়ে দিয়ে সহযোগিতা করছেন। বিভিন্ন থানা ও পুরসভাও এই দুর্নীতিতে জড়িত রয়েছে। বিচারপতি মান্থা এই মামলার শুনানিতে এদিন অবিলম্বে অভিযোগ দায়ের করে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৬ জুন পরবর্তী শুনানি হবে এই মামলার।
ভারতীয় সেনায় আইএসআই চর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করে জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় যাঁরাই জড়িত থাকুন, তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা করা দরকার। কিন্তু কীভাবে সম্ভব এই নিয়োগ।

রীতিমতো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হয় ভারতীয় সেনায়। সেখানে এ ধরনের নিয়োগ কোন পর্যায়ের ষড়যন্ত্র হলে সম্ভব, সে প্রশ্ন তোলেন বিচারপতি। কারা যুক্ত থাকতে পারেন এই নিয়োগে, সে ব্যাপারে শীঘ্র তদ্বির করতে বলেন তিনি।
এই ধরনের মামলা যেখানে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তা অবিলম্বে তদন্ত করে রিপোর্ট প্রকাশ করতে হবে। সিআইডি থেকে শুরু করে সবিআই, ইস্টার্ন কম্যান্ড, মিলিটারি পুলিস সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনোভাবেই এই বিষয়টিকে হালকা করে দেখলে হবে না বলে জানিয়ে দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications