রোগী ভর্তি নিয়ে সংঘাত! একাধিক ধারায় মদন মিত্রের বিরুদ্ধে FIR এসএসকেএম কর্তৃপক্ষের
সংঘাত চরমে! মদন মিত্রের বিরুদ্ধে এফআইআর করল এসএসকেএম কর্তৃপক্ষ। স্থানীয় ভবানীপুর থানাতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। একাধিক ধারায় এই মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতার করে দেখাক! আর এরপরেই পাল্টা হুঁশিয়ারি মদন মিত্রের।
রোগী ভর্তি নিয়ে এসএসকেএমের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন মদন মিত্র। শুক্রবার রাতে এক যুবককে ভর্তি করাতে যান তিনি। অভিযোগ, হাসপাতাল ভর্তি নেয়নি। আর এরপরেই কার্যত মেজাজ হারান কামারহাটির বিধায়ক। হাসপাতালে দাঁড়িয়ে একের পর এক হুঁশিয়ারি দেন।

দালালারাজের অভিযোগে সরব হন তিনি। তাঁর অভিযোগ, কিছু মানুষ বাইরে থেকে এসে জ্যাক লাগাচ্ছে হাসপাতালে। শুধু তাই নয়, মোটা টাকার বিনিময়ে রোগী ভরতি চলছে বলেও অভিযোগ।
সরাসরি হাসপাতাল কতৃপক্ষকে আক্রমণ করেন মদন মিত্র। বলেন, সে নো টু পিজি। এটা আর জনগণের হাসপাতাল নয়। আমাদের এরকম অবস্থা তাহলে সাধারণ মানুষের কী অবস্থা। আর এরপরেই পাল্টা বিধায়কের বিরুদ্ধে গুন্ডাগিরির কার্যত অভিযোগ তোলেন সুপার।
এমনকি হাসপাতালের স্টাফদের নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। আর এই সংঘাতের পরেই দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিধায়ক। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এই অবস্থায় তড়িঘড়ি মদন মিত্রকে শান্ত করতে নামেন কুণাল ঘোষ।
একেবারে সামনা সামনি বসে পরিস্থিতি সামাল দিতে নামেন তৃণমূল মুখপাত্র। একদিকে যখন বৈঠক চলছে পরিস্থিতি সামাল দিতে অন্যদিকে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল এসএসকেএম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
স্থানীয় ভবানীপুর থানাতে একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। অশ্লীল অঙ্গিভঙ্গি সহ একাধিক ধারায় এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বলে রাখা প্রয়োজন, হাসপাতাল সুপার ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী নাকি জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা নাকি মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর এরপরেই এহেন এফআইআর বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে।
আর এহেন অভিযোগের পরেই মদন মিত্রের পাল্টা হুঁশিয়ারি, পারলে গ্রেফতার করে দেখান। অন্যদিকে মদন মিত্রের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে কুণাল ঘোষ বলেন, আলোচনার ভিত্তিতে সমস্ত সমস্যা মিটে গেছে। কিন্তু আদৌও কি সমস্যা মিটল? নাকি আইনি জটিলতা আরও বাড়তে চলেছে? সেদিকেই নজর রয়েছে সবার।












Click it and Unblock the Notifications