সৌরভের বড়িশা প্লেয়ার্স কর্নারে পুজো প্রস্তুতি চলছে জোরকদমে, থিম আভিজাত্যের অঙ্গীকার
বেহালার দিকে যাঁরা পুজো দেখতে যান তাঁরা ঢুঁ মেরেই থাকেন বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয়। যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো বলেই বিখ্যাত।
সৌরভ গঙ্গোপাধ্যায়দের বাড়ির পাঁচিল ঘেঁষেই হয় এই পুজোর আয়োজন। দর্শনার্থীরা দেবী দর্শনের সঙ্গেই আশায় থাকেন মহারাজের দর্শনেরও।

প্যান্ডেলে নানা সময়ই হাজির থাকেন সৌরভ। ফলে ঠাকুর দেখার পর দাদার দর্শন পাওয়াও সকলের কাছে হয়ে থাকে বাড়তি প্রাপ্তি। অনেকেই দাদার ঢাক বাজানোর আবদারও করেন। বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় অঞ্জলি দিতেও দেখা যায় মহারাজকে।
শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় কেন, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়রাও এই পুজোর সঙ্গে যুক্ত, তাঁরাও মণ্ডপে থাকেন। বলা ভালো, এলাকার মানুষজনের সঙ্গে মিশে গঙ্গোপাধ্যায় পরিবারের অনেকেই সক্রিয়ভাবে এই পুজো আয়োজন করে থাকেন। বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর এবার ৫৩তম বছর।
এবার এই পুজোর থিম আভিজাত্যের অঙ্গীকার। সৃজনে রয়েছেন উৎপল ঘোষ। মণ্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে। আপাতত যা বোঝা যাচ্ছে তাতে জমিদার বাড়ির ঠাকুরদালান, নাটমন্দিরে পুজোর আয়োজনের বিষয়টিকেই সম্ভবত ফুটিয়ে তোলা হচ্ছে। আলোকসজ্জার দায়িত্বে রয়েছে অরিজিৎ ইলেকট্রিক্স।
এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সৌরভ গঙ্গোপাধ্যায়। সভাপতি দেবীদাস গঙ্গোপাধ্যায়। পুজোর উদ্যোক্তাদের অন্যতম জুঁই গঙ্গোপাধ্যায় জানালেন, ধুনুচি নাচ, সিঁদুর খেলা আমাদের পুজোর অন্যতম ঐতিহ্য। ক্যুইজ-সহ নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়। তিন থেকে চারশো শাড়ি বিতরণ করা হয় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজনের মধ্যে। পুজোর সব দিনই কোনও না কোনও সমাজকল্যাণমূলক কাজ থাকে। পুজোর পাঁচ দিনই বিভিন্ন এনজিওর মাধ্যমে ৬০টি করে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়। এ ছাড়া পুজোর সময় নাটক-সহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকে। বাচ্চারাও নাটকে অংশ করে। মাসখানেক আগে থেকে শুরু হয় মহড়া। এই বিষয়টি নিয়ে এলাকার বাচ্চাদের মধ্যে খুব আগ্রহ থাকে, নাটকে কে কোন ভূমিকায় থাকবে তা নিয়ে।
উল্লেখ্য, সৌরভের পুজোর উদ্বোধন থেকে অন্যান্য দিনে হাজির থাকেন বিভিন্ন জগতের তারকারা। সৌরভের বায়োপিকে অভিনয় করবেন রাজকুমার রাও। তিনিও এবার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো দেখতে আসতে পারেন বলে জল্পনা রয়েছে। পুজো সংক্রান্ত যাবতীয় আপডেট শেয়ার করা হচ্ছে বড়িশা প্লেয়ার্স কর্নারের ফেসবুক পেজে।












Click it and Unblock the Notifications