ডোনার দীক্ষামঞ্জরীকে সরস্বতী উপহার পদ্মশ্রী সনাতনের, সৌরভ পুজোর দিন কি কলকাতায় থাকছেন?
Saraswati Puja At Diksha Manjari: বুধবার সরস্বতী পুজো। বাগদেবী আরাধনার প্রস্তুতি চলছে সব জায়গাতেই। বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যশিক্ষার স্কুলে এসে গিয়েছে মূর্তি।
এই মূর্তিতেই এবার রয়েছে বিশেষ চমক। ডোনার স্কুলকে এই সরস্বতী মূর্তি উপহার দিয়েছেন শিল্পী সনাতন রুদ্র পাল। যাঁর নাম সম্প্রতি ঘোষিত হয়েছে পদ্মশ্রী প্রাপক হিসেবে।

সনাতন রুদ্র পালই দীক্ষামঞ্জরীর সরস্বতী মূর্তি বানিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। এবার তিনি পদ্মশ্রী পেয়েছেন। তাঁর নাতনি ডোনার স্কুলেরই শিক্ষার্থী। ফলে এবার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুসজ্জিত মূর্তি উপহার দিয়েছেন দীক্ষামঞ্জরীকে। সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ডোনা।
ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, বরাবরের মতো এবারও ছাত্র-ছাত্রীরাই পুজোর জন্য আল্পনা দেওয়া থেকে মণ্ডপ সাজানো, সবরকম প্রস্তুতি সারছেন। সকাল ১১টা নাগাদ অঞ্জলি হওয়ার কথা। পুজো হয়ে গেলে সকলের জন্য ভোগ খাওয়ার বন্দোবস্ত থাকছে। খিচুড়ির সঙ্গে থাকছে ভাজা, তরকারি ইত্যাদি।
এরপর বিকেলেও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। যেখানে দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরাই অংশ নেবেন। সেখানেও থাকছে কচুরি, সিঙাড়া থেকে ঘুগনি, আলুর দম, জিলাপির মতো রকমারি আইটেম। তবে এবারের সরস্বতী পুজোয় দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরা 'দাদা'র সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন না।
সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালায় থাকলে পাঞ্জাবি পরে প্রতি বছর দীক্ষামঞ্জরীতেই সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে থাকেন। কিন্তু এবার সৌরভ সরস্বতী পুজোর দিন শহরে থাকছেন না। তিনি ব্যক্তিগত কাজে ওইদিন মুম্বইয়ে থাকছেন। সৌরভ-ডোনার কন্যা সানাও এখন বিলেতে কর্মরতা। তিনিই থাকছেন না এবার দীক্ষামঞ্জরীর পুজোয়।
গঙ্গোপাধ্যায় পরিবার উদ্বেগে রয়েছে নিরূপা গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে। স্নেহাশিস, সৌরভের মা, রত্নগর্ভা নিরূপাদেবী বেশ কিছুদিন ধরেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেল, এখন তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল, বেড়ে গিয়েছিল ক্রিয়েটিনিন, হৃদযন্ত্রেও কিছু সমস্যা ছিল।
নিরূপাদেবী মনের জোর ভালোই রয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এন্ডোস্কোপি হবে। সেই রিপোর্ট দেখে প্রয়োজনে স্টেন্ট বসানোর পথে হাঁটতে পারেন চিকিৎসকরা। সরস্বতী পুজো নিরূপাদেবীকেও কাটাতে হবে হাসপাতালেই। ফলে ব্যতিক্রমী পরিস্থিতিতেই বাগদেবীর বন্দনার জন্য প্রস্তুত হচ্ছে দীক্ষামঞ্জরী।












Click it and Unblock the Notifications