Calcutta HC: আধার-ভোটার কার্ড থাকলেই কি ভারতীয়? অনুপ্রবেশ ইস্যুতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের
Calcutta HC: শুধু ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই কেউ ভারতের নাগরিক (Indian Citizen) হয়ে যান না। অনুপ্রবেশের অভিযোগ ধৃত বর্ধমানের এক দম্পতির জামিনের আর্জির মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের সরাসরি প্রশ্ন, আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই সে ভারতীয় হয়ে যান নাকি?
বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্না শীলকে এক বছর আগে পুলিশ গ্রেফতার করে। কাঁটাতার পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। ২০১০ সালে তাঁরা ভারতে আসেন বলে জানা গিয়েছে। জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। যদিও তাদের জামিনের আর্জি এদিন খারিজ করে দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

মামলাকারীর আইনজীবীদের সওয়াল ছিল, অভিযুক্তদের ভোটার কার্ড ও আধার কার্ড রয়েছে। ২০১০ সালে তারা ভারতে আসেন। Foreigners Registration Amendment Act 2019 আইনের প্রসঙ্গ টেনে যুক্তি খাঁড়া করার চেষ্টা করেন মামলাকারীর আইনজীবী। বলেন, CAA অনুযায়ী ২০১৪ সালের আগে যারা ভারতে এসেছেন, তাদের এদেশের নাগরিক বলে গণ্য করা হবে এমনটাই বলা হয়েছে।
মামলাকারীর আইনজীবীর বক্তব্য, অভিবাসন দফতর থেকে কেউ উত্তর দেয়নি। ফলে নকল করে পাসপোর্ট করেছে কীভাবে প্রমাণিত? এরপরই বিচারপতি দেবাংশু বসাক পাল্টা জানিয়ে দেন, "আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই সে ভারতীয় নাকি? এইরকম জাল আধার, ভোটার, রেশন কার্ড অনেক বাংলাদেশিই বানিয়ে ফেলেছেন। ওদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেয়।"
আমেরিকার অবৈধ অভিবাসীদের কথাও টেনে আনেন বিচারপতি। বলেন, "আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে এই একই ঘটনা দেখা যাচ্ছে। তারাও ওই দেশে গিয়ে এরকম নথি বানিয়ে ফেলেছিল। অনুপ্রবেশকারীরা সব জায়গাতেই এই কাজ করে থাকেন।" এদিনের সওয়াল জবাবে আদালত সন্তুষ্ট হয়নি। আর তাই ধৃত দম্পতির জামিন খারিজ করে দেয় আদালত।












Click it and Unblock the Notifications