Bangladesh: গঙ্গা-পদ্মা জলবণ্টন নিয়ে বৈঠক, হাসিনা জমানার চুক্তি পুনর্নবীকরণে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধিরা
Bangladesh: গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তি (Ganga Water Treaty) নিয়ে আলোচনায় কলকাতায় এল বাংলাদেশের প্রতিনিধি দল। ২০২৬ সালের মধ্যে চুক্তি পুনর্নবীকরণের ব্যাপারে আলোচনা সারবে দুই দেশ। বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ জনের প্রতিনিধি দল সোমবার পা রাখলেন কলকাতায়।
জয়েন্ট কমিটির টেকনিক্যাল বিশেষজ্ঞরা ভারতের সঙ্গে এই নিয়ে ৮৬ তম বৈঠক সারবেন। ৩০ বছর পুরোনো গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ নিয়ে হবে বৈঠক। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার সূত্রে খবর, কলকাতায় পা রেখে ২ দিনের জন্যে তারা ফারাক্কায় যাবেন।

ফারাক্কা ব্যারেজ (Farakka Barrage) পরিদর্শন করবেন তারা। গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত জলের পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখবেন তারা। ৫ মার্চ বুধবার পর্যন্ত সেখানে যৌথ পর্যবেক্ষণ চালাবেন তারা। ফারাক্কায় পর্যবেক্ষণ সেরে ফের কলকাতায় ফিরে আসবে প্রতিনিধি দল।
৬ ও ৭ মার্চ ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের ২ দিন ব্যাপী বৈঠক হবে। সিনিয়র জয়েন্ট কমিশনার আর আর সাম্ভারিয়ার চিঠি সূত্রে এমনই খবর। কমিশনের সদস্য আবুল হোসেন জানান, ফি বছরই সীমান্তে জল আদান প্রদান নিয়ে কমিশনের বৈঠক হয়। সেইমতো এবারেও বৈঠকের আয়োজন করা হয়েছে।
ভারতের জলশক্তি মন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি এমন নদী রয়েছে যা সীমান্তের এপাড় ওপাড় বিস্তৃত। ১৯৭২ সালে ভারত ও বাংলাদেশের যৌথ রিভার কমিশন (Joint River Commission) গড়ে তোলা হয়।
সীমানা বরাবর নদীগুলি নিয়ে দু'পক্ষেরই বিভিন্ন স্বার্থ সিদ্ধিতে ও দ্বিপাক্ষিক আলোচনা সারাই লক্ষ্য ওই কমিশনের। তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়েছে। সেদিক থেকে এবারের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তি স্বাক্ষর হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবে গৌড়া ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয় সেই চুক্তি।
গত অগাস্টে প্রবল বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। অগাস্টে হাসিনা সরকারের পতনের আগে জুনে ভারতে এসেছিলেন হাসিনা। তখনই তিনি জানিয়েছিলেন, ৩০ বছরের মেয়াদ ফুরোতে চলেছে গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তির। তা পুনর্নবীকরণে প্রযুক্তিগত বিভিন্ন সমঝোতা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications