আমেরিকার ছায়া ব্রাজিলে, কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা, প্রতিবাদ–বিক্ষোভে উত্তাল দেশ
আমেরিকার ছায়া ব্রাজিলে, কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা, প্রতিবাদ–বিক্ষোভে উত্তাল দেশ
আমেরিকার মতো ব্রাজিলেও এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। এ নিয়ে প্রতিবাদে–বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ফুটবলের এই দেশে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সাউ–পাওলো সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ। জানা গিয়েছে, এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পিটিয়ে মারে দোকানের কিছু নিরাপত্তারক্ষী। এই ঘটনার পরই শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয় ব্রাজিলে। পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে। মৃতের নাম জোয়াও আলবের্তো সিলভেরিয়া ফ্রেইটাস।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ব্রাজিলে কৃষ্ণাঙ্গ সচেতনতা দিবস পালন করা হচ্ছিল। ওইদিন রাতেই পোর্তো আলগ্রে শহরের কটি সুপার মার্কেটের বাইরে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে কিছু নিরাপত্তারক্ষী। সেই ঘটনার ভিডিও তোলেন ওই সুপার মার্কেটের এক কর্মচারী এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। যা দেখার পর গোটা ব্রাজিল উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় যখন এই ভিডিও দেখার পর কৃষ্ণাঙ্গ ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন সবাই তখন ওই ৪০ বছরের মৃত ব্যক্তিকে সনাক্ত করেন তাঁর বাবা। দেশের ফরেন্সিক ইনস্টিটিউট জানিয়েছে যে ফ্রেইটাসের মৃত্যু হয়েছে শ্বাসরোধের ফলে।
দেশের স্থানীয় প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এও জানানো হয় যে অভিযুক্তদের সুরক্ষা সংস্থা থেকে বের করে দেওয়া হয় এবং সুপার মার্কেট থেকেও তাদের বহিস্কার করে দেওয়া হয়েছে। মৃত কৃষ্ণাঙ্গের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সুপার মার্কেট বন্ধ করে রাখা হয়। শুক্রবার থেকে ব্রাজিলের বিভিন্ন জায়গায় ভাঙচুর চলতে থাকে। এই ঘটনাকে আমেরিকার জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার সঙ্গে তুলনা করে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন সকলে। পরিস্থিতির চাপে পড়ে ঘটনাটির তীব্র নিন্দা করে অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।












Click it and Unblock the Notifications