ইতালিকে ছাপিয়ে যেতে চলেছে আমেরিকা! বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭ লক্ষ
সারাবিশ্বে মিনিটে মিনিটে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। ১ লক্ষ পেরিয়েছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই করোনার কোপে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ২ হাজার ৮৪৩ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ০৩ হাজার ১৮ জন। এখনও অসুস্থ রয়েছেন ১২ লক্ষ ২৩ হাজার ৮১ জন।

ইতালিতে মারা গেছেন ১৮ হাজার
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। করোনার কোপে ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন। আর ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৪৭ হাজার ৫৭৭ জন।

স্পেনে মৃত্যু হয়েছে ১৬ হাজারের
স্পেনেও মৃত্যু হয়েছে বহু লোকের। ইতিমধ্যেই আক্রান্তের নিরিখে ইতালিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে দেশটি। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২৭৩ এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ৮১ জনের। এছাড়া ফ্রান্স, ইরানে ও ব্রিটেনেও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মারা গিয়েছে ১৩ হাজার ১৯৭ জন, ইরানে মারা গিয়েছে ৪ হাজার ২৩২ জন, ব্রিটেনে মারা গিয়েছে ৮ হাজার ৯৫৮ জন।

ইতালিকে ছাপিয়ে যাবে আমেরিকা
এদিকে বিশ্বে সব থেকে বেশি করোনা আক্রান্ত এখন রয়েছে আমেরিকায়। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সেদেশে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তবে মৃতের সংখ্যা সেই অনুপাতে কম। তা সত্ত্বেও সেখানে ১৮ হাজার ৭৬১ জন প্রাণ হারিয়েছে। মনে করা হচ্ছে যেই হারে সেদেশে মানুষ মারা যাচ্ছে তাতে আর এক দিনেই ইতালিকে ছাপিয়ে যাবে আমেরিকা।

ভারতে আক্রান্তের সংখ্যা ৭৬০০ ছাড়িয়েছে
এদিকে ভারতেও ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৪৯ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭৬০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত সব থেকে বেশি
দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৭৪ জন। মারা গিয়েছেন ১১০ জন।












Click it and Unblock the Notifications