US Presidential Election 2024: রিপাবলিকান গড়ে জয়ী ট্রাম্পই, জয়ের খাতা খুললেন কমলাও; প্রাথমিক ট্রেন্ড কোনদিকে?
US Presidential Election 2024: আমেরিকায় ভোটপর্ব একে একে শেষ হতেই সামনে এল ফলাফল। শুরুতেই রিপাবলিকান গড় ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওয়েস্ট ভার্জিনিয়া ধরে রাখলেন দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অন্যদিকে শুরুতে পিছিয়ে থাকলেও ভারমন্ট প্রদেশ থেকে জয়ের খাতা খুললেন ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিসও (Kamala Harris)।
ইন্ডিয়ানা প্রদেশে ২০ বছর ধরে শাসন করে আসছে রিপাবলিকানরা (Republicans)। এখানে কমলার বিরুদ্ধে ১১টি ইলেক্টোরাল ভোট নিজের ঝুলিতে পুড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিগত তিন তিনবারের প্রেসিডেন্ট নির্বাচনে ইন্ডিয়ানার বাসিন্দারা ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিলেন। ২০১৭ ও ২০২০-তে এই প্রদেশ থেকে জয়ী হন ট্রাম্প।

কেন্টাকির ৮টি ইলেক্টোরাল ভোটই (Electoral Votes) দখলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ তেও এই প্রদেশে জিতেছিলেন তিনি। বরাবরই রিপাবলিকানদের প্রদেশ হিসেবেই থেকেছে কেন্টাকি। শহরের দিকে কিছু ডেমোক্র্যাট (Democrats) ভোটার থাকলেও প্রদেশের সামগ্রিক রাজনীতি রিপাবলিকান ঘেঁষা।
রেড স্টেট ওয়েস্ট ভার্জিনিয়াতেও গড় ধরে রাখল রিপাবলিকানরা। আরও চারটি ইলেকটোরাল কলেজের ভোট এল ট্রাম্পের দখলে। এখনও পর্যন্ত ২৩টি ইলেকটোরাল কলেজ ভোট সংগ্রহ করতে পেরেছেন ট্রাম্প। মূলত গ্রামীণ এলাকা অধ্যুষিত কম জনসংখ্যার এই প্রদেশ আগে ডেমোক্র্যাট ঘেঁষা ছিল। তবে ২০০০ সালের পর থেকে রিপাবলিকান প্রার্থীই জিতে এসেছেন এখান থেকে।
অন্যদিকে ভারমন্ট প্রদেশ থেকে জয়ের খাতা খুললেন কমলা হ্যারিসও। ডেমোক্র্যাটদের গড় ধরে রাখলেন দলের প্রার্থী। বিগত ৮টি প্রেসিডেন্ট নির্বাচনেই এই প্রদেশ থেকে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটদের প্রার্থীরা। ২০২০ সালে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুমুল সমালোচনা করে ডেমোক্র্যাটদের জো বাইডেনকে সমর্থন করেন গভর্নর ফিল স্কট। এবারেও তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকেই ভোট দিয়েছেন বলে জানান।
নিউ ইয়র্ক জিতলেন কমলা হ্যারিস। প্রদেশের ২৮টি ইলেকটোরাল ভোটই গেল কমলার ঝুলিতে। ১৯৮৪ সাল থেকে ডেমোক্র্যাটদের নির্বাচিত করে আসছে নিউ ইয়র্কের ভোটাররা। বিগত তিন নির্বাচনেই মরিয়া চেষ্টা করেও নিউইয়র্ক দখল করতে পারেননি ট্রাম্প।
ডেলাওয়ারে জিতলেন ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস। প্রদেশের তিনটে ইলেকটোরাল ভোট গেল তাঁর ঝুলিতে। ডেলাওয়ারটি আসনটি বরাবরই ডেমোক্র্যাটদের দখলে ছিল।
অন্যদিকে, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ওহাইয়ো গেল ট্রাম্পের দখলে। টেক্সাসেও জয়ী ট্রাম্প। এই নিয়ে তিন তিনবার টেক্সাস থেকে হ্যাটট্রিক ট্রাম্পের। একইসঙ্গে, ৪০টি ইলেক্টোরাল ভোট ঝুলিতে পুড়লেন ট্রাম্প। ২০২০ এর পর টেক্সাসে আরও ২টি ইলেকটোরাল ভোট বেড়েছিল।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। ফিলাডেলফিয়ায় ভোটে ব্যাপক আকারে কারচুপি হয়েছে বলে পোস্ট রিপাবলিকান প্রার্থীর। যদিও ট্রাম্পের দাবি ওড়ালেন ফিলাডেলফিয়ার প্রশাসনিক আধিকারিকরা। ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাঁদের।












Click it and Unblock the Notifications