নিরাপদ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা
মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানালেন, "নিরাপদ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত" ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব আমেরিকা সামলাবে।
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, এই অভিযানে কোনও মার্কিন সেনার প্রাণহানি হয়নি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজনে আরও বড় ও কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র।

বক্তব্য শুরুর ঠিক আগে ট্রাম্প একটি ছবি প্রকাশ করেন, যা তাঁর দাবি অনুযায়ী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় তোলা। ছবিতে চোখ বাঁধা ও কানে সুরক্ষা সরঞ্জাম পরা অবস্থায় মাদুরোকে দেখা যাচ্ছে। এর কিছু আগেই নিউ ইয়র্কে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে মাদুরোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেলের ভাষায়, "আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতেই তাকে কঠোরতম বিচার মোকাবিলা করতে হবে।"
এদিকে ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকারি বিবৃতিতে এই অভিযানের নিন্দা করে একে "অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন" বলে আখ্যা দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, অতীতে ইরাক আক্রমণের কড়া সমালোচক ছিলেন ট্রাম্প। অথচ এবার ভেনেজুয়েলায় হস্তক্ষেপের মাধ্যমে কার্যত 'নেশন বুুইল্ডিং' এর ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি যা আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।












Click it and Unblock the Notifications