পাকিস্তানে দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩০, আহত বহু
পাকিস্তানে দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩০, আহত বহু
সপ্তাহের শুরুতেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান। পাকিস্তানের ঘোটকিতে রেতি ও দাহরকি রেসস্টেশনের মাঝে স্যর সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে মিল্লাট এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে খবর। যার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ট্রেনের মধ্যে এখনও ১৫ জন আটকে আছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের।

পাকিস্তানের রেল মন্ত্রক সূত্রে খবর, দক্ষিণ পাকিস্তানের উচ্চ সিন্ধ জেলার ঘোটকিতে রেতি ও দাহরকি রেসস্টেশনের মাঝে লাইনচ্যূত হয়ে দাঁড়িয়ে ছিল মিল্লত এক্সপ্রেস। সেই সময় সারগোধাগামী সঈদ এক্সপ্রেস সোজা এসে ধাক্কা মারে মিল্লতকে। জোরালো সংঘর্ষে মূহূর্তের মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে যায় দুটি ট্রেনের একাধিক কামড়া। দুটি ট্রেনের কম করে ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে ৬-৭টি একেবারে দুমড়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
বর্তমানে ট্রেনে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যের প্রক্রিয়া শুরু করেছে একাধিক দল। বগিগুলিকে কাটতে ভারী কাটার আনা হচ্ছে। পাশাপাশি ওই রুটে ইতিমধ্যেই সমস্ত ট্রেন চলাচল বাতিল করা হয়েছে বলে রেল মন্ত্রক সূত্রে খবর।
ইতিমধ্যেই ঘোটকি ও আশপাশের হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলোর সমস্ত হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা চালানো হচ্ছে। পাকিস্তানের সিন্ধ রেঞ্জার্সরের বড় টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। রোহরি থেকে রওনা দিয়েছে আরও বড় উদ্ধারকারী দল।












Click it and Unblock the Notifications