দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-শি মুখোমুখি হতে চলেছে, শুল্কযুদ্ধ থামাতে ‘রাজায় রাজায়' সমাধান খোঁজার প্রস্তুতি
বিশ্ব অর্থনীতির নজর এখন দক্ষিণ কোরিয়ার দিকে। আগামী ৩০ অক্টোবর গিয়াংজু শহরে মুখোমুখি হতে চলেছেন বিশ্বের দুই শক্তিধর নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘদিনের শুল্ক সংঘাত ও বাণিজ্য উত্তেজনার অবসান ঘটাতে এই বৈঠককে দুই দেশের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, চিনের পণ্যের উপর ১৫৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে যদি চিন আলোচনায় না বসে। পাল্টা চিন জানিয়েছিল, "ভুল শুধরে আলোচনায় আসুন, নইলে আমরাও প্রস্তুত প্রতিক্রিয়ার।" একে অপরকে কঠোর বার্তার পর অবশেষে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে দুই দেশ।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার জানান, ট্রাম্প শুক্রবার থেকে এশিয়া সফর শুরু করবেন। মালয়েশিয়া সফর শেষ করে তিনি দক্ষিণ কোরিয়ায় পৌঁছে অংশ নেবেন 'এশিয়া প্যাসিফিক কো অপারেশন সামিটে', যা চলবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এই সম্মেলনের ফাঁকেই হবে বহুল প্রতীক্ষিত ট্রাম্প ও শি এর বৈঠক।
গত ২৩ অক্টোবর ট্রাম্প নিজেই জানান, "দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে আমাদের দেখা হবে। আমেরিকা ও চিনের সম্পর্ক এখন খুব ভালো। আমরা এমন একটি পথ খুঁজব, যা দুই দেশেরই উপকারে আসবে।"
বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু আমেরিকা ও চিন নয়, গোটা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। দুই রাষ্ট্রনেতার এই 'রাজায় রাজায়' সাক্ষাৎ যদি সফল হয়, তবে হয়তো শেষ হবে বহুদিনের শুল্কযুদ্ধের অধ্যায়। তবে সমাধানের বদলে নতুন অচলাবস্থাও সৃষ্টি হতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications