মার্কিন রিফাইনারিতে লক্ষ লক্ষ ব্যারেল তেল পাঠাতে ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র বর্তমানে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে ও কারাকাস ইতিমধ্যেই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পাঠাতে শুরু করেছে মার্কিন রিফাইনারিগুলির উদ্দেশ্যে। তাঁর দাবি, লক্ষাধিক ব্যারেলের ভেনেজুয়েলা তেল ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে ঢুকছে ও এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ডেট্রয়েট ইকনমিক ক্লাবে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, "আমি ভেনেজুয়েলার সবচেয়ে বড় ভক্ত। আমরা তাদের সঙ্গে কাজ করছি। তারা একসময় ভয়াবহ পরিস্থিতিতে ছিল, এখন সেখান থেকে অনেকটাই ফিরছে।"

ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলায় তৈরি নতুন সমঝোতা সরাসরি জ্বালানি মূল্যে স্বস্তি আনতে সাহায্য করবে। তাঁর ভাষায়, "আমরা ভেনেজুয়েলাকে আবার দাঁড় করাচ্ছি। এটা হবে ভেনেজুয়েলার জন্যও ভালো, আমাদের দেশের জন্যও। লক্ষ লক্ষ ব্যারেল তেল আমরা নিচ্ছি। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল, যার অর্থমূল্য ৫ বিলিয়ন ডলারের বেশি। এতে তেলের দাম আরও নেমে আসবে।"
সাম্প্রতিক সামরিক অভিযানের কথাও তুলে ধরে ট্রাম্প আরও বলেন, "জেতা সত্যিই দারুণ অনুভূতি।"
উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে হটায় যুক্তরাষ্ট্র। পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। সে সময় রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিতে অনুরোধ জানান, যা মার্কিন প্রেসিডেন্ট সানন্দেই অনুমোদন করেন।
"তিনি জিজ্ঞেস করেছিলেন আমরা কি ৫০ মিলিয়ন ব্যারেল নিতে পারব? আমি বলেছি, অবশ্যই পারব। এর মূল্য ৪.২ বিলিয়ন ডলার ও সেই চালান এখন যুক্তরাষ্ট্রের পথে," যোগ করেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications