ট্রাম্পের কাছে নিজের কাকার হত্যা রহস্য ফাঁস করেছিলেন কিম! চাঞ্চল্যকর দাবি মার্কিন সাংবাদিকের
ট্রাম্পের কাছে নিজের কাকার হত্যা রহস্য ফাঁস করেছিলেন কিম! চাঞ্চল্যকর দাবি মার্কিন সাংবাদিকের
ইতিমধ্যেই করোনা সংক্রমণের বিষয়ে নানাবিধ মন্তব্য করে বারংবার সংবাদের শিরোনামে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন ট্রাম্প। সাংবাদিক বব উডওয়ার্ডের বই 'রেজ'-এ প্রকাশ পেয়েছে ট্রাম্পের কিছু অজানা মন্তব্য ও কিছু অজানা তথ্য, যা জানলে চমকে উঠতে বাধ্য হবেন আপনিও। সূত্রের মতে, গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের জুলাইয়ের মধ্যে প্রায় ১৮বার ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন বব।

উত্তর কোরিয়া ও আমেরিকার বন্ধুত্ব কেমন?
সম্প্রতি মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে প্রকাশ পেয়েছে উডওয়ার্ডের বইয়ের কিছু অংশ। সেই লেখার সূত্র ধরেই জানা যায় যে, ট্রাম্প ২০১৮ সালে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিমের সাথে দেখা করেন ও সেখানেই কিম তাঁর কাকার হত্যার বিবরণ শোনান ট্রাম্পকে। এদিকে সমালোচকদের মতে, বিশ্ব রাজনীতিতে উত্তর কোরিয়াকে জায়গা করে দেওয়ার পিছনে অনেকটাই হাত রয়েছে স্বয়ং ট্রাম্পের। অন্যদিকে, কিম-জং-উনও চিঠি মারফত ট্রাম্পকে তাঁর শুভানুধ্যায়ী হওয়ার কারণে অভিবাদন জানান একাধিক সময়।

বর্ণবৈষম্যের অভিযোগে গা-ছাড়া মনোভাব ট্রাম্পের
জুন মাসে ওয়াশিংটনের লাফায়েট স্কোয়ারে পুলিশি ক্ষমতার ব্যবহার করে প্রতিবাদীদের হটিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। উডওয়ার্ডের মতে, সেই সভাতেই নাকি ট্রাম্প বিক্ষোভকারীদের 'অতি বাম' বলে অভিহিত করেন। বইয়ে লিখিত তথ্যানুযায়ী, উডওয়ার্ডের প্রশ্নে ট্রাম্প জানান যে তিনি বর্ণবৈষম্য নিয়ে একটুকুও বিচলিত নন। এমনকী এর সপক্ষে যুক্তি হিসেবে কালোচামড়ার মানুষদের কর্মসংস্থানের পরিসংখ্যানকে হাতিয়ার করেন ট্রাম্প।

উঠে আসে 'রহস্যময় অস্ত্রের' কথা
উডওয়ার্ডের বই অনুযায়ী, ২০১৭ সালে আমেরিকা ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সংকটের মাঝেই ট্রাম্প এমন এক পরমাণু অস্ত্রের কথা উডওয়ার্ডকে জানান, যা চিন-রাশিয়া, কোনো দেশের কাছেই নেই। ট্রাম্পের মতে, এই রহস্যময় অস্ত্রের কথা কেউ কল্পনাও করবে না। সম্প্রতি আমেরিকার জাতীয় সুরক্ষা বিশেষজ্ঞ রবার্ট ও'ব্রায়ান উডওয়ার্ডের এই ধারণাকে নস্যাৎ করলেও, ওই মার্কিন সাংবাদিক জানিয়েছেন যে তাঁর কাছে যথাযোগ্য প্রমাণ রয়েছে। অন্যদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক এই খবরের সত্যতাও স্বীকারও করে নিয়েছেন বলে জানা যাচ্ছে।

মার্কিন উচ্চপদস্থ আধিকারিকদের গোপন তথ্য ফাঁস
উডওয়ার্ডের বইয়ে অজানা তথ্যের মধ্যে রয়েছে ট্রাম্পের জামাই ওরফে সিনিয়র অ্যাডভাইসার জেয়ার্ড কুশনার-এর কিছু বেফাঁস মন্তব্য। কুশনার ট্রাম্পের রাজত্বকে 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড'-এর সাথে তুলনা করেছেন। বক্তব্যের সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই লেগে পড়েছেন গোয়েন্দা দপ্তরের উচ্চপদস্থ অফিসাররা। বইয়ে উল্লিখিত তথ্যানুযায়ী, মার্কিন ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান ড্যান কোটসকে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কারণ তার মতে রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প 'অযোগ্য' ও 'ক্ষতিকারক'। এছাড়াও মন্ত্রিসভা ও স্বরাষ্ট্রমন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে ওই বইয়ে, যার ফলে সমস্যায় পড়তে হতে পারে উডওয়ার্ডকে, এমনটাই মত আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications