Israel-Palestine Conflict: গাজায় ইজরায়েলের ভয়াবহ বিমান হামলা! মৃত্যু হামাসের 'অর্থনীতিমন্ত্রী'র
Israel-Palestine Conflict: শনিবার হাজার হাজার রকেট হামলার পরে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন উচিত শিক্ষা দেওয়া হবে হামাসকে। এদিন ইজরায়েলের বিমান বাহিনী আইএএফ দাবি করেছে, তারা জঙ্গি সংগঠন হামাসের অর্থনীতি মন্ত্রীকে হত্যা করেছে।
ইজরায়েলের বিমান বাহিনী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এদিন রাতে বলেছে, বিমান বাহিনী জঙ্গি সংগঠন হামাসের অর্থনীতিমন্ত্রীকে হত্যা করেছে। বিমান বাহিনীর একটি বিমান অর্থনীতিমন্ত্রী জাওয়াদ আবু শামলাকে লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করেছে।

এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধের চতুর্থ দিনে ইজরায়েলের বিমান বাহিনী গাজা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইজরায়েলের যুদ্ধ বিমানগুলি গাজা শহরের কেন্দ্রস্থলে টানা আক্রমণ শুরু করে। গাজাতেই হামাসের সরকারি কার্যক্রমের মূল কেন্দ্র।
মঙ্গলবার রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি বিমান হানায় ৭৯০ টি আবাসন ধ্বংস হয়েছে। এছাড়াও ৫৩৩০ টি আবাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিন ইজরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হামাসের অর্থনীতিমন্ত্রীর পাশাপাশি বিমান বাহিনীর বিমান জঙ্গি সংগঠনের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সিনিয়র সদস্য জাকারিয়া আবু মামারকেও হত্যা করেছে।
ইজরায়েল দাবি করেছে, জাকারিয়া আবু মামার হামাসের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে অভ্যন্তরীণ সম্পর্ক পরিচালনা করা এবং গাজা স্ট্রিপে সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের জন্য দায়ী ছিলেন। আবু মামার ইয়াহিয়া সিনওয়ারের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিল। ইজরায়েলের সার্বভৌমত্বের বিরুদ্ধে উসকানি দেওয়া এবং বাসিন্দাদের বিপদে ফেলতে ব্যাপকভাবে কাজ করছিলেন বলে অভিযোগ ইজরায়েলের।
ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন জাকারিয়া আবু মামার সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ এবং ইজরায়েলের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।












Click it and Unblock the Notifications