যুদ্ধ বন্ধ করতে ও হরমুজ প্রণালী ফের খুলতে আমেরিকাকে নতুন প্রস্তাব দিল ইরান!
মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। খবর অনুযায়ী, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব নাকি ওয়াশিংটনে পাঠানো হয়েছে।
মার্কিন কর্মকর্তা ও দুটি সূত্র অনুযায়ী, ইরানের পাঠানো এই চুক্তির লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় চালু করা, যার বন্ধ হওয়ার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট গভীর হয়েছে। যুদ্ধ শেষ করা এবং পারমাণবিক আলোচনা স্থগিত রাখাও এর অন্যতম উদ্দেশ্য।

চুক্তির অংশ হিসেবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি অথবা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থায়ীভাবে শত্রুতা বন্ধ হতে পারে। পারমাণবিক আলোচনা শুরু হবে হরমুজ প্রণালী খোলা ও ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার পরই।
হোয়াইট হাউস প্রস্তাবটি পেয়েছে জানা গেলেও, ট্রাম্প প্রশাসন এটি বিবেচনা করবে কিনা, তা স্পষ্ট নয়। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রেসের মাধ্যমে এমন "সংবেদনশীল কূটনৈতিক" বিষয়ে আলোচনা করবে না।
ওয়েলস আরও বলেন, "প্রেসিডেন্ট যেমন বলেছেন, যুক্তরাষ্ট্রই এই আলোচনায় নিয়ন্ত্রণকারী অবস্থানে রয়েছে এবং এমন একটি চুক্তিই করবে যা আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেবে, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।"
নতুন এই প্রস্তাব এসেছে ট্রাম্প কর্তৃক শান্তি আলোচনার জন্য পাকিস্তানে বিশেষ দূতদের সফর বাতিলের কয়েক দিন পর। ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান ছাড়ার পরই ট্রাম্প বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন।
ট্রাম্প তখন বলেছিলেন, "বর্তমান পরিস্থিতিতে ১৮ ঘণ্টার ফ্লাইটে তাদের পাঠানোর কোনো মানে হয় না। এটা অনেক দীর্ঘ।" তিনি যাতায়াতে সময় নষ্টের কথাও তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "যদি তারা কথা বলতে চায়, তাহলে তাদের কেবল ফোন করতে হবে।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে থাকা আলোচনার মাঝেই আরাঘচি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সাথে পরামর্শের জন্য ইসলামাবাদে ফিরে আসেন। এর আগের সফরে, গত শনিবার, তিনি সেনাপ্রধান আসিম মুনির, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বিদেশমন্ত্রী ইসাক দারের সাথে বৈঠক করেন।
তাঁর চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য রাশিয়াতে রয়েছেন।












Click it and Unblock the Notifications