Syria Bangladesh: রাষ্ট্রপ্রধান পালাতেই প্রাসাদে তাণ্ডব, সিরিয়া উসকে দিল বাংলাদেশ, শ্রীলঙ্কার স্মৃতি
Syria Bangladesh: "শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও"- সেই কবেই লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীলঙ্কার (Sri Lanka) পর বাংলাদেশ (Bangladesh), আর এবার সিরিয়া (Syria), সরকার উৎখাতের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থান দেখল তিন দেশ। প্রবল জনরোষে রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালাতেই তাঁর প্রাসাদের দখল নেন বিক্ষুব্ধ জনতা। সিরিয়াতেও ফিরল বাংলাদেশ, শ্রীলঙ্কার স্মৃতি।
রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাসের (Damascus) দখল নিয়েছে বিদ্রোহীরা। এরপরই দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ (Bashar al Assad)। সরকারের পতন হতেই বিজয় উৎসবে মেতেছেন বিদ্রোহীরা। এতদিনে সিরিয়া স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে দাবি তুলে উল্লাস করছেন বিদ্রোহীরা। শুধু তাই নয়, রাষ্ট্রপ্রধানের প্রাসাদেরও দখল নিয়েছে তারা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একাধিক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে আসাদের প্রাসাদের অন্দরমহলে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিদ্রোহীরা। ভেঙে ফেলা হয়েছে আসাদের বাবা হাফিজের মূর্তি। দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবি, ভাস্কর্য ভেঙে লুট করে নেওয়া হয় আসবাবপত্র। কেউ কেউ আবার দেওয়াল থেকে ছবি নামিয়ে ছিঁড়ে দিচ্ছেন।
সিরিয়ার এই ছবি উসকে দিয়েছে বাংলাদেশের স্মৃতি। জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয়েছিল সরকার বিরোধী আন্দোলনে। প্রবল জনরোষ, খুনোখুনির মাঝে কপ্টারে চেপে দেশ ছেড়ে ভারতে চলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।
হাসিনা চলে আসার পরের ছবিটা ছিল আঁতকে ওঠার মতো। গণভবনে ঢুকে যেভাবে লুটপাঠ চালানো হয়েছিল, তাতে প্রশ্ন উঠেছিল এরা আদৌ ছাত্র কিনা। গণভবনে ঢুকে বিছানা-আসবাবপত্র দখল থেকে শাড়ি, এমনকি হাঁস-মুরগীও লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধরা।
২০২২ সালে একই ছবি দেখা গিয়েছিল শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগ চেয়ে হাজার হাজার বিক্ষোভকারী তার বাসভবন ঘিরে ফেলেন। বাসভবন ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট। ঐতিহাসিক প্রেসিডেন্ট ভবনে জমায়েত করেন হাজার হাজার জনতা। কেউ মাঠে খেলতে থাকেন, কেউ আবার বাগানের সুইমিং পুলে ডুব দেন। এমন একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications