Bangladesh: উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, বাংলাদেশে কালীমন্দির থেকে চুরি গেল সেই সোনার মুকুট
মহাষ্টমীর রাতেই ঘটল অঘটন। বাংলাদেশের কালীমন্দির থেকে চুরি গেল বহূমূল্য সোনার মুকুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে সেই সোনার মুকুটটি উপহার দিয়েছিলেন মন্দিরে। বিখ্যাত যোশেরোশ্বরী কালী মন্দিরের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় বাংলাদেশের জনপ্রিয় এবং জাগ্রত জশোরেশ্বরী কালীমন্দিরে সোনার মুকুট উপহার দিয়েছিলেন তিনি। পুজো দিয়েছিলেন মায়ের মন্দিরে। বাংলাদেশের সাতক্ষীরায় রয়েছে সেই মন্দির। রুপোর তৈরি মুকুটটি সোনার পাত দিয়ে মোড়ানো ছিল।

বৃহস্পতিবার রাতে নিত্যপুজোর পর পুজারি মন্দির বন্ধ করে চলে গিয়েছিলেন। পরের দিন সকালে সেবায়েতরা মন্দিরের দরজা খুলে পুরিষ্কার করতে গিয়ে দেখতে পান মায়ের মুকুট উধাও। ৫১ শক্তিপীঠের একটি হল জশোরেশ্বরী কালী মন্দির। কাজেই সেখান থেকে মায়ের সোনার মুকুট চুরি যাওয়ায় মর্মাহত সেখানে বসবাসকারী হিন্দুরা।
হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা বাড়ছে। একাধিক জায়গায় হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে কর্মক্ষেত্রেও হিন্দুদের উপরে হেনস্থার ঘটনা ঘটছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে। উল্টে তাঁরা দাবি করেছেন কোনও রকম হামলা করা হচ্ছে না হিন্দুদের উপরে।
এদিকে শোনা যাচ্ছে বাংলাদেশে দুর্গাপুজো করা নিয়ে হিন্দুদের বাধা দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় নাকি দুর্গাপুজো করার জন্য হিন্দু ক্লাবগুলির কাছ থেকে ৫ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে। যদিও সেই ঘটনা অস্বীকার করেছেন বাংলাদেশ সরকার। তবে এবার বাংলাদেশে হিন্দুরা দুর্গাপুজো করতে পারেননি একাধিক জায়গায়।
বাংলাদেশের রামকৃষ্ণ মিশন পর্যন্ত কুমারী পুজো এবার বন্ধ রেখেছে। কোনও মতে নমো নমো করে দুর্গাপুজো সারছেন বাংলাদেশের হিন্দুরা। শেখ হাসিনা দেশছাড়ার পর থেকেই একাধিক জায়গায় আক্রান্ত হতে শুরু করেছিলেন হিন্দুরা। যদিও গতবছর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা বাড়ছিল। একাধিক জায়গায় দুর্গামণ্ডপ জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল।












Click it and Unblock the Notifications