ভোররাতে ড্রোন হামলা! দুবাই বিমানবন্দরের সামনে জ্বালানি ট্যাঙ্কে আগুন, সাময়িক বন্ধ বিমান পরিষেবা
সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে আজ ভোরবেলা ড্রোন হামলার ঘটনায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরের সামনে একটি জ্বালানির ট্যাঙ্কে ড্রোন আছড়ে পড়ে এবং তার পরই সেখানে আগুন ধরে যায়। নিরাপত্তা রক্ষা করার জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। ড্রোনটি বিমানবন্দরের কাছের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে পড়ার পরেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছ যায় দুবাই সিভিল ডিফেন্স বাহিনী। সঙ্গে সঙ্গে সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে এবং কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ড্রোনটি কোথায় থেকে ছোঁড়া হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। তবে আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছেন যে, সাম্প্রতিক উত্তেজনার কারণে এই ঘটনায় ইরানের ভূমিকা থাকতে পারে। গত কয়েক দিনের মধ্যে দুবাই-সহ সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন শহরকে লক্ষ্য করেই একাধিক ড্রোন হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
এই ঘটনার পর যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা আপাতত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অনেক বিমানের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছু কিছু ফ্লাইটকে বিকল্প হিসেবে আল-মাকটোউম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালানো হবে। এটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি হওয়ার কারণে এই সিদ্ধান্তে অনেক যাত্রী সমস্যায় পড়েছেন।












Click it and Unblock the Notifications