Bangladeshi Hindus: বাংলাদেশি হিন্দুদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির দাবি; মোদীর হস্তক্ষেপ কামনা
Bangladesh: বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের জন্য পৃথক স্বাধীন (Independent) ভূখণ্ড দেওয়া হোক। আলাদা রাষ্ট্রের দাবি তুললেন লন্ডনের লেবার পার্টির কাউন্সিলর তথা বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকার কর্মী পুস্পিতা গুপ্তা (Pushpita Gupta)। এব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হস্তক্ষেপও কামনা করেন তিনি।
নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পুস্পিতা বলেন, বাংলাদেশের হিন্দুদের মুক্তি দিতে আলাদা রাষ্ট্র গঠন করা হোক। যখন থেকে নোবেলজয়ী মহম্মদ ইউনূস (Muhammad Yunus) বাংলাদেশের মসনদে বসেছেন, তখন থেকেই হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে। বাংলাদেশকে বাঁচাতে মোদীর হস্তক্ষেপ দরকার। বাংলাদেশের ৮ শতাংশ হিন্দু মোদীর পরিবার বলে উল্লেখ করেন পুস্পিতা গুপ্তা।

আদ্যোপান্ত হিন্দু পুস্পিতাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। লন্ডনে তাঁর কর্মস্থল হলেও হাসিনা জমানায় প্রতি বছরই বাংলাদেশে আসতেন তিনি। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বর্তমানে ভারতে এসেছেন পুস্পিতা গুপ্তা। মা হারা পুস্পিতা বাংলাদেশে কীভাবে তার মায়ের পুজোর স্থলে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছিল, সেকথা জানিয়েছেন সাক্ষাৎকারে। মন্দিরে গরুর মাংস ছুড়ে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
ওই ঘটনার পর থেকে তাঁর মা বেশিদিন বাঁচেননি বলে জানান পুস্পিতা। তাঁর মাও জীবিত থাকাকালীন বাংলাদেশের হিন্দুদের (Bangladeshi Hindus) জন্য আলাদা স্বাধীন ভূখণ্ডের দাবি করেছিলেন বলে জানান পুস্পিতা। বাংলাদেশের ইউনূসের সরকারকে অবৈধ বলে কটাক্ষ তাঁর। ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সংবিধান মানে না, তা তারা তাদের কাজেই প্রমাণ দিয়েছে, মত পুস্পিতার।
বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক স্তরেও হিন্দু সংগঠনগুলি চিন্তিত বলে জানান পুস্পিতা গুপ্তা। প্রাণভয়ে তাঁর মতোই অনেকে বর্তমানে বাংলাদেশে যেতে পারছেন না বলে জানান তিনি। পুস্পিতা বলেন, শেখ হাসিনার জমানাতেও সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি, এমনটা বলা যায় না। কিন্তু বাংলাদেশ অন্ততপক্ষে আর্থিকভাবে উন্নতির দিকে এগোচ্ছিল। ক্রমশ জঙ্গিদের দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের সরকার যদি হিন্দুদের সুরক্ষা প্রদান না করতে পারে, তাহলে বাংলাদেশের হিন্দুদের স্বাধীন ভূখণ্ড দেওয়া হোক। শুধু ভারত নয়, বরং বিশ্বের সমস্ত ক্ষমতাসীন সরকারগুলির এব্যাপারে ভেবে দেখা উচিত বলে মন্তব্য পুস্পিতার। প্রথম দিন থেকেই বাংলাদেশি হিন্দুদের উপেক্ষা করা হয়েছে বলে দাবি তাঁর। আজও হিন্দুরা এপার বাংলায় আসার জন্যে সীমান্তে অপেক্ষা করছে বলে জানান পুস্পিতা।
বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যের সংসদেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানান ব্রিটেনের লেবার পার্টির কাউন্সিলর পুস্পিতা। তবে তাঁর মতে ভারতের উচিত বাংলাদেশের সংকটজনক হিন্দুকে শরণার্থী হিসেবে এদেশে আশ্রয় দেওয়া। তবে শেখ হাসিনার এখনই ঢাকা ফেরা ঠিক হবে না বলে দাবি পুস্পিতার। ঢাকায় হাসিনার প্রাণসংশয় রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশি হিন্দুদের বাঁচাতে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপই প্রয়োজন বলে সাক্ষাৎকারে জানান পুস্পিতা গুপ্তা।












Click it and Unblock the Notifications