জরুরী অবস্থায় ভারতের ভিসায় স্থগিতাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানল বাংলাদেশীরা
দেশজুড়ে করোনা আতঙ্কে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্র থেকে রাজ্য, সকলেই। পাশাপাশি চলছে বাড়তি নজরদারি এবং বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ। এরমধ্যে, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত সমস্ত বিদেশীদের ভিসায় সাময়িকভাবে স্থগিতাদেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এদিন শিলিগুড়ির ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারত সরকারের সাময়িকভাবে ভিসা বাতিলের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
বাংলাদেরশের নওশিন্দি অঞ্চল থেকে আসা দুর্গা দাস এই প্রসঙ্গে জানান, "করোনা একটি মহামারির আকার ধারণ করেছে সারা বিশ্বজুড়ে। জরুরি ভিত্তিতে ভিসা স্থগিতের সিদ্ধান্তে কিছু মানুষের অসুবিধা হলেও ভারত সরকারের এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়।"
শুক্রবার দিল্লিতে বিদেশ, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রকের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধ থাকবে আন্তঃদেশীয় বাস পরিষেবাও। শুক্রবার থেকে বন্ধ হয়েছে ভারত বাংলাদেশ বিমান পরিষেবা। তবে বেসরকারি সংস্থার কয়েকটি বিমান বাংলাদেশী যাত্রীদের আনতে দিল্লি, কলকাতা ও চেন্নাই গিয়েছে। এদিকে মঙ্গলবার থেকে আর কোনও বিমান যাতায়াত করবে না বলে জানা যাচ্ছে। ১৫ই এপ্রিল পর্যন্ত চলবে এই অচলাবস্থা।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি বিবেচনা করে ল্যান্ড চেক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছিল। বৃহস্পতিবার, জরুরী অবস্থায় সরকারি ভ্রমণ সহ সমস্ত ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা (ডাব্লুএইচও) করোনভাইরাসকে মহামারী হিসাবে ঘোষণার পরেই সারা দেশব্যাপী বিভিন্নরকম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারত সরকারের তরফে।












Click it and Unblock the Notifications