নতুন বছরে বদলে গেল পাকিস্তান? ২৬/১১ মামলার মূলচক্রীকে ১৫ বছরের কারাদণ্ড
২৬/১১ মুম্বই মামলার মূলচক্রী তথা লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডর জাকিউর রহমান লাকভিকে ১৫ বছরের কারাদণ্ডের সাজা শোনাল পাকিস্তানের আদালত। এর আগে সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লাকভিকে। শুক্রবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত করে এই জঙ্গি নেতাকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের একটি আদালত।

লাহোর থেকে লাকভিকে গ্রেফতার করেছিল পুলিশ
২ জানুয়ারি লাহোর থেকে লাকভিকে গ্রেফতার করেছিল পুলিশ। তার ঠিক ৬ দিনের মাথায় জাকিউর রহমান লাকভিকে ১৫ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বই হামলার মূল পরিকল্পনা করেছিল লাকভিই। এরপরই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয় রাষ্ট্রসংঘের তরফে।

রাষ্ট্রসংঘের নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় জাকিউর
রাষ্ট্রসংঘ সারা বিশ্বের জঙ্গিদের যে তালিকা তৈরি করে রেখেছে, সেই তালিকায় নাম রয়েছে ৬১ বছরের জাকিউরের। সে আগেও গ্রেফতার হয়েছিল। ২০১৫ সালে তার জামিন হয়। সম্প্রতি পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট তাকে গ্রেফতার করে। তার পরই তার সাজা হল। তাকে পাঁচ বছর করে তিনটি সাজা শোনানো হয়েছে। প্রতিটি সাজার ক্ষেত্রেই তাকে পাকিস্তানের মুদ্রায় ১ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে তিনটি পাঁচ বছরের সাজার সঙ্গে তাকে আরও ৬ মাস করে কারাবাস করতে হবে।

এফটিএফ-এর কাছে কড়া ভর্ৎসনা
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য, এফটিএফ-এর কাছে কড়া ভর্ৎসনা শোনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পাকিস্তান। না হলে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ বা আর্থিক সাহায্য নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পাকিস্তান।












Click it and Unblock the Notifications