লন্ডনে টিউব রেলে বিস্ফোরণ, গ্রেফতার কিশোর সহ দুই সন্দেহভাজন
লন্ডনে টিউব রেলে বালতি বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে গ্রেফতার করল ব্রিটিশ পুলিশ। শনিবার রাতে ইংলিশ চ্যানেলের কাছে পোর্ট অফ হোভারের কাছ থেকে গ্রেফতার। পরে গ্রেফতার আরও ১।
লন্ডনে টিউব রেলে বালতি বোমা বিস্ফোরণের ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করল ব্রিটিশ পুলিশ। শনিবার রাতেই এক কিশোরকে গ্রেফতার করল ব্রিটিশ পুলিশ। ইংলিশ চ্যানেলের কাছে পোর্ট অফ হোভারের কাছ থেকে ১৮ বছরের ওই কিশোরকে গ্রেফতার করেছে কেন্ট পুলিশ। ব্রিটেন থেকে ফ্রান্সে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হল এই পোর্ট অফ হোভার। আগেই এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

আপাতত তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লন্ডনের ডেপুটি পুলিশ কমিশনার নীল বসু জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত সতর্কতা 'ক্রিটিক্যাল' জারি রয়েছে। ক্রিটিক্যাল লেভেলের সতর্কতার মানে, আরও একটি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন জঙ্গি থাকতে পারে যারা পলাতক বলেই ইঙ্গিত দিয়েছেন ডেপুটি কমিশনার বসু।

তবে এখনও পর্যন্ত ধৃতদের বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়নি। এমনকী তাদের নামও প্রকাশ করা হয়নি। ধৃতদের আরও জেরা করে নিশ্চিত হওয়ার পরই সংবাদমাধ্যমের সামনে বিষয়টি প্রকাশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে বিস্ফোরণস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বালতি বোমার অবশিষ্ট অংশের পরীক্ষা চালানো হচ্ছে।
লন্ডনের পার্সনস গ্রিন স্টেশনে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে তো বটেই, গোটা ট্রেন ও স্টেশনজুড়েই কয়েকশো সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। সেই সমস্ত ফুটেজই খতিয়ে দেখার পর পুলিশের অনুমান, একাধিক ব্যক্তি এই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এবিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ।












Click it and Unblock the Notifications