দেশের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দূর করতে নতুন কি স্লোগান দিলেন রামদাস আটওয়ালে?
নতুন স্লোগান রামদাস আটওয়ালের
করোনা ভাইরাসের মোকাবিলা করতে সকলেই সকলের মতো করে লড়ছে। দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। এমন পরিস্থিতিতে ফের ময়দানে নেমে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। তিনি এবার নতুন স্লোগান নিয়ে এসেছেন, যা নয়া করোনা ভাইরাস স্ট্রেনের সঙ্গে লড়বে, তা হল, 'নো করোনা, করোনা নো’। তিনি এও জানিয়েছেন যে তাঁর আগের স্লোগান যথেষ্ট কার্যকর ছিল এবং দেশের কেসলোড অনেকটাই হ্রাস পেয়েছিল। প্রসঙ্গত, এর আগেও রামদাস আটওয়ালে 'গো করোনা গো’ স্লোগান দিয়ে চর্চায় উঠে এসেছিলেন।

নতুন স্লোগান
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-এর প্রধান পুনেতে সাংবাদিকদের বলেন, 'এর আগে আমি গো করোনা, করোনা গো স্লোগান দিয়েছিলাম আর তারপরই করোনা চলে যায়। এই নতুন করোনা ভাইরাস স্ট্রেনের জন্য, আমি নো করোনা, করোনা নো স্লোগান দিচ্ছি।' ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল তাঁর স্লোগান। নেট-নাগরিকরা ইতিমধ্যেই রামদাসের নয়া স্লোগান নিয়ে মিমের ঝড় তুলেছেন।

গো করোনা, করোনা গো স্লোগান
চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি ভিডিওতে আটওয়ালের সঙ্গে চিনা কূটনীতিবিদ ও এক বৌদ্ধ সন্ন্যাসীকে 'গো করোনা, গো করোনা' মন্ত্র আওরাতে দেখা যায় এক প্রার্থনাতে। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতে সময় লাগে না। ২০ ফেব্রুয়ারি গেটওয়ে অফ ইন্ডিয়াতে এই ভিডিও শুট করা হয়। শুধু তাই নয়, চলতি বছরের মার্চে দেশে যখন করোনা ভাইরাসের দাপট শুরু হয়, তখন তাঁকে 'গো করোনা, করোনা গো' স্লোগান দিতে দেখা গিয়েছিল মুম্বই গেটের সামনে দাঁড়িয়ে। ওই স্লোগান আওড়ালেই করোনা মহামারি দূর হবে বলে নিদান দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার কিছুদিন বাদেই নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি।

ভ্যাকসিন আসলে দূর হবে কোভিড–১৯
আটওয়ালে রাজ্যসভার সদস্যের পাশাপাশি তিনি নরেন্দ্র মোদী শাসিত সরকারের সামাজিক ন্যায়বিচারের প্রতিমন্ত্রীও। তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, 'আমি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা করব। আমরা ১০টি আসন আশা করে রয়েছি বাংলা থেকে।' অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হন। এই সপ্তাহের গোড়ায়, আটওয়ালে জানিয়েছিলেন যে কোভিড-১৯ ভ্যাকসিন দেশে এক বা দু'মাসের মধ্যে উপলব্ধ হবে। তিনি বলেছিলেন, 'করোনা ভাইরাস দেশে আরও ৬-৭ মাস থাকবে, তবে একদিন তাকে যেতে হবে। ভ্যাকসিন একবার চলে আসলে, করোনা এখান থেকে চলে যাবে।'

করোনা ভাইরাস পরিস্থিতি
নতুন সার্স-কোভ-২ ভ্যারিয়েন্ট দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার পেছনে প্রধান কারণ। তারপর থেকে ভারত সহ একাধিক দেশ ব্রিটেন থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং সফরের ওপরও কড়া নিয়ম জারি করেছে। মঙ্গলবার দেশে নতুন করে ১৮,৭৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা প্রায় ছ'মাস পর কিছুটা কম। দেশে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৯৫,৬১,৫৩৮ জন, এই নিয়ে দেশের সুস্থতার হার বেড়ে দাঁড়ালো ৯৫.৮২ শতাংশ।












Click it and Unblock the Notifications