অ্যাম্বুলেন্স নয়, করোনা রোগীদের জন্য বরাদ্দ আবর্জনা ফেলার গাড়ি, ভাইরাল ভিডিও
অ্যাম্বুলেন্স নয়, করোনা রোগীদের জন্য বরাদ্দ আবর্জনা ফেলার গাড়ি, ভাইরাল ভিডিও
সারাদেশ জুড়ে করোনা ভাইরাসের ভয়াবহতা উত্তরোত্তর বেড়েই চলেছে। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। হাসপাতালগুলিতে ইতিমধ্যেই দেখা দিয়েছে বেডের সঙ্কট, চিকিৎসা না পেয়েও প্রাণ হারাচ্ছেন অগুনতি মানুষ। এরমাঝেই অন্ধ্রপ্রদেশে নজরে এল এক অমানবিক ঘটনা। ময়লা ফেলার গাড়িতে হাসপাতাল নিয়ে যাওয়া হল তিন করোনা রোগীকে।

আবর্জনার গাড়িতেই হাসপাতাল নিয়ে যাওয়া হল করোনা রোগীদের
একদিকে ভাইরাস রুখতে যখন ঘনঘন হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, পরিছন্ন থাকার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা, তখন খোদ করোনার রোগীকেই আবর্জনার গাড়িতে মহারাজ ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স হাসপাতাল নিয়ে যেতে দেখা গেল অন্ধ্রপ্রদেশের বিজয়নগর জেলায়। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
|
ঘটনার তীব্র নিন্দা করেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
ইতিমধ্যেই এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ময়লার গাড়িতে তিন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসঙ্গে নাইডু বলেন, "করোনা ভাইরাস সম্পর্কে আমার জানা নেই, তবে যে অমানবিক আচরণ করা হচ্ছে তাতে তাদের অন্য যেকোনও ভয়ঙ্কর রোগ হয়ে যেতে পারে।"

ট্রাক গুলিতে নিয়ে যাওয়া হচ্ছিল ব্লিচিং পাউডার, নুন
অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ওই পঞ্চায়েত কমিশনার জেআর অপালা নাইডু জানান, "আবর্জনা নয় ওই ট্রাকগুলি ব্লিচিং পাউডার, নুন নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, মিউনিসিপ্যালিটির কর্মীরা কখনই করোনা রোগীদের ময়লার গাড়িতে করে নিয়ে যায় না। ওই গাড়িতেও কোনও করোনা রোগী ছিল না।"

গতমাসেই হাজারেরও বেশি অ্যাম্বুলেন্স চালু করেছিলেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি
এদিকে জুলাইয়ের শুরুতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি মহাসমারোহে ধুমধামের সঙ্গে উন্নত স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করতে এক হাজারেরও বেশি নতুন অ্যাম্বুলেন্স চালু করেন। অথচ তার রাজ্যেই সামনে আসছে এমন অমানবিক ঘটনা। এর আগেও এরাজ্যে করোনায় মৃত একাধিক ব্যক্তির দেহ ফেলে রাখার মত ঘটনাও সামনে এসেছে।
ছবি সৌ: চন্দ্রবাবু নাইডুর টুইটার প্রোফাইল












Click it and Unblock the Notifications