লখিমপুর খেরির হিংসা, বাড়ির সামনে থেকে গ্রেফতার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব
রবিবারের হিংসার ঘটনার প্রতিবাদ করতে লখিমপুর খেরি (Lakhimpur Kheri) যাওয়ার কথা জানিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কিন্তু এদিন সকালেই তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বাড়ির বাইরেই
রবিবারের হিংসার ঘটনার প্রতিবাদ করতে লখিমপুর খেরি (Lakhimpur Kheri) যাওয়ার কথা জানিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কিন্তু এদিন সকালেই তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বাড়ির বাইরেই তিনি প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার
এদিন লখনৌতে বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার করা হয় উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে। তাঁকে হজরতগঞ্জ পুলিশের জিপে তুলে নিয়ে যাওয়া হয়। এদিন সকালে লখিমপুর খেরিতে যাওয়ায় বাধা পাওয়ার পরেই বাড়ির বাইরেই বিক্ষোভে বসেন অখিলেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের পদত্যাগ দাবি করেন তিনি। রবিবারই অখিলেশ জানিয়েছিলেন, এদিন সকালেই তিনি লখিমপুর খেরি যাবেন। যে কারণে আগে থেকেই তাঁর বাড়ি ঘিরে ফেলে উত্তর প্রদেশ পুলিশ। লখিমপুরে মৃত কৃষকদের পরিবারকে দুকোটি করে টাকা এবং সরকারি চাকরি দেওয়ার দাবি তুলেথেন অখিলেশ।

বাড়ির বাইরে পুলিশের গাড়িতে আগুন
এদিন সকাল থেকেউ উত্তপ্ত উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের বাড়ির বাইরে সমবেত হয়েছিলেন সমাজবাদী কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে। সেই সময় পুলিশের জিপে আগুন ধরানো হয়। পুলিশ কর্মীরা গাড়িতে দেওয়া আগুন নেভানোরও চেষ্টা করেন। পুলিশকর্মীরা জানিয়েছে, অখিলেশের বাড়িতে গিয়েছিলেন তাঁরা, সেই সময় গাড়িতে আগুন ধরানো হয়।

গ্রেফতার শিবপাল যাদবও
এদিন লখিমপুর খেরিতে যাওতার পথে গ্রেফতার করা হয় প্রগতিশীল সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদবকেও। এর আগে এদিন ভোরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী এবং দীপেন্দর সিং হুডা এবং অন্য কংগ্রেস নেতাদের সীতাপুর গ্রেফতার করে পুলিশ। বিরোধীদের তরফে অভিযোগ করে বলা হয়েছে, উত্তর প্রদেশ সরকারের পুলিশ যেভাবে কৃষকদের সঙ্গে আচরণ করছে, তা ব্রিটিশদের থেকেও খারাপ।

লখিমপুর খেরির হিংসা
রবিবার লখিমপুর খেরিতে যাওয়ার কথা ছিল উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। তার আগে থেকেই লখিমপুর খেরিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস গাড়িতে যাওয়ার সময় বেশ কয়েকজনকে চাপা দেন। এর পরেই কৃষকরা ক্ষিপ্ত হয়ে উঠে দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং গাড়িতে থাকা বেশ কয়েকজনকে পিটিয়ে মারে। সব মিলিয়ে আচজনের মৃত্যু হয় রবিবার। এলাকা জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে রবিবার সেই জায়গায় যাওয়ার কথা অস্বীকার করেছেন। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের অভিযোগ, বিক্ষোভরত কৃষকরা বিজেপি কর্মীদের কনভয়ে পাথর ছোড়ে। এই হামলায় একটি গাড়ির চালক এবং দুই বিজেপি কর্মী-সহ তাদের চারজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফ থেকে এদিন আশিস মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications