Yogi Adityanath Slam Mamata Banerjee: বিরোধীরা কি চায়, দেশটাকে পশ্চিমবঙ্গ করে তুলতে? মমতাকে আক্রমণ যোগীর
Yogi Adityanath Slam Mamata Banerjee: মণিপুর ইস্যুতে কথা বলতে গিয়ে বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মণিপুরের পরিস্থিতি অবিলম্বে শান্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে যোগী মনে করিয়ে দিয়েছেন, তিনি ক্ষমতায় আসার পর উত্তর প্রদেশে শান্তি বজায় রয়েছে।
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে যোগী মণিপুর প্রসঙ্গে বলেন, বিজেপি সরকার ওই রাজ্যে উন্নয়নের কাজ করবেন, শান্তি প্রতিষ্ঠিত হবে শীঘ্রই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেন, 'যাঁরা বড় বড় কথা বলেন, তাঁদের দেখা উচিত কীভাবে ভোট হয়। উত্তরপ্রদেশেও পুরভোট হয়েছে, পঞ্চায়েত ভোট হয়েছে। আর পশ্চিমবঙ্গেও পঞ্চায়েত ভোট হল। বিরোধীরা কি চায়, দেশটাকে পশ্চিমবঙ্গ করে তুলতে?'
যোগীর দাবি, পশ্চিমবঙ্গে বিরোধীদের খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে তাদের ওপর। তারপরও কেউ এ বিষয়ে কথা বলছে না, সবাই চুপ করে আছে। সেই সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন সে রাজ্যের শান্তি বজায় রাখতে কী কী পদক্ষেপ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত ৬ বছরে উত্তর প্রদেশে সব উৎসব পালন করা হয়েছে, কোনও দাঙ্গা হয়নি, কোনও কার্ফুও জারি হয়নি। সেই সঙ্গে তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার অ্যাকশন নেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, যাঁরা অপরাধী, সরকারি সম্পত্তি দখল করে আছে, তাদের কি আরতি করা উচিত ছিল?
বলে রাখা প্রয়োজন, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে বাংলা। ভোট ঘোষণা হওয়ার পর থেকে ৩০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে বাংলায়। শুধু তাই নয়, ভোটের দিন একের পর এক অশান্তির ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশের মানুষ। এমনকি মহিলাদের উপরও অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ।
যা তুলে ধরে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতারা। এবার সেই বিষয়টিকে তুলে ধরে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমন যোগী আদিত্যনাথের। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications