পরনে লাল পাড় শাড়ি, মুখে কবিগুরুর কথা, বাংলা বারবার ফিরে এল নির্মলার বাজেট ভাষণে
বাংলা বারবার ফিরে এল নির্মলার বাজেট ভাষণে
বাঙালিরা যে কোনও শুভ কাজে লাল পাড় শাড়ি পরাকে রীতি বলেই মেনে চলেন। আর তাই তো পুজো থেকে শুরু করে বিয়ের মতো শুভকাজে বরাবরই মহিলারা প্রাধান্য দিয়ে এসেছেন লাল পাড় শাড়িকে। সোমবার এ বছরের প্রথম বাজেট পেশ করার আগে বাজেট অধিবেশন কক্ষে ঢুকলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পরনে 'লাল পাড়’ শাড়ি। অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে বাংলাকে নিজের মধ্যে বহন করতে সফল হয়েছেন।

আসলে আর ২ মাস বাদেই বাংলায় নির্বাচন আর তাই বাঙালির মন জয় করতেই এই বেশ অর্থমন্ত্রীর। শুধু তাই নয়, নির্মলা সীতারমন বাংলার নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুই লাইন পড়ার পর ঘোষণা করলেন ২৫ হাজার কোটি টাকার হাইওয়ে প্রকল্প।
এ বার করোনা আবহে কাগজহীন বাজেট পেশ করা হচ্ছে এই দেশে। সোমবার সকালে তাই অর্থমন্ত্রীকে অধিবেশন কক্ষে উপস্থিত হতে দেখা গেল লাল খাপে মোড়া ট্যাবলেট হাতে। তারই সঙ্গে নজর কাড়ল তাঁর পরনের শাড়ি।
বাজেটে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে ভবন সহ ৮,৫০০ কিমি হাইওয়ে পরিকাঠামোর কাজের প্রস্তাব দিয়েছেন সীতারমন। বাংলায় হাইওয়ে নির্মাণের জন্য মোট বরাদ্দ অর্থ ধরা হয়েছে ২৫ হাজার কোটি টাকা। এছাড়াও খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে। ৬৭৫ কিলোমিটার সড়ক তৈরি হবে রাজ্যে। হবে কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার। কাজ হবে ডানকুনি-গোমো লাইনের।
তামিলনাড়ু, কেরল ও অসমেও নির্বাচনের মুখে হাইওয়ে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও বাংলাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে বাজেটে। আর তাই বাজেটে নির্মলা সীতারমন নিজেও বাংলার ঐতিহ্য লাল পাড় শাড়ি পরেছিলেন, যা বাঙালি মহিলারা বিভিন্ন শুভ কাজে পরে থাকেন।
তিনি বাজেট ভাষণের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দু’টি লাইন বলেন, 'ফেইথ ইজ দ্য বার্ড দ্যাট ফিলস দ্য লাইট অ্যান্ড সিঙ্গস হোয়েন দ্য ডন ইজ স্টিল ডার্ক’। এটা বলার পরই সীতারমন জানান যে ইতিহাসে এই ভোর নতুন যুগের সূচনা করবে, যেখানে ভারত প্রতিশ্রুতি ও আশার দেশ হতে পারে।
প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি শাসন করলেও বাংলায় গেরুয়া শিবিরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ছত্রিশের আখড়া চলছে। বিজেপি চায় বাংলায় তাদের শাসন কায়েম হোক অন্যদিকে তীব্রভাবে তা প্রতিরোধ করছে বাংলার শাসক দল। এরই মধ্যে এপ্রিল–মে মাসে বাংলায় বিধানসভা নির্বাচন, আর তা জয় করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার।
বিজেপি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে যে তৃণমূল বাংলায় উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে অন্যদিকে তৃণমূল জানিয়েছে যে বাংলায় উন্নয়ন করতে বাধা দিচ্ছে বিজেপি সরকার। এরই মাঝে বাজেটে বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া তা বিধানসভা নির্বাচনে ফল দেয় কিনা এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications