Tamil Nadu Cabinet Rejig: তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী স্ট্যালিন-পুত্র উদয়নিধি, মন্ত্রিসভাতেও রদবদল
Tamil Nadu Cabinet Rejig: তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হলেন উদয়নিধি স্ট্যালিন। ৪৫ বছরের উদয়নিধি হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র।
স্ট্যালিন সরকারের মন্ত্রিসভাতেও রদবদল হয়েছে। মন্ত্রিসভায় প্রত্যাবর্তন ঘটল সেন্থিল বালাজির।

স্ট্যালিন মন্ত্রিসভার বিস্তারের সিদ্ধান্ত নেওয়ায় আজ চেন্নাইয়ের রাজভবনে শপথ নিলেন ভি সেন্থিল বালাজি, ড. গোভি চেঝিয়ান, আর রাজেন্দ্রন ও এসএম নাসার। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।
চেঝিয়ান মন্ত্রী হওয়ায় স্ট্যালিনের মন্ত্রিসভায় দলিত মন্ত্রীর সংখ্যা বেড়ে হলো চার। তিনি উচ্চশিক্ষা দফতর পেয়েছেন। বালাজি পেলেন বিদ্যুৎ ও আবগারি দফতর। রাজেন্দ্রন হলেন পর্যটনমন্ত্রী। সংখ্যালঘু উন্নয়ন ও অনাবাসী তামিল কল্যাণমন্ত্রী হিসেবে শপথ নিলেন এসএম নাসার।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদয়নিধির উপমুখ্যমন্ত্রী হওয়া। ডিএমকে দলে উদয়নিধির জনপ্রিয়তা যে বাড়ছে এবং তাঁরই হাতে ভবিষ্যতে ব্যাটন যাবে সেই ইঙ্গিত মিলল এই পদক্ষেপে। চিপক থেকে প্রথমবার বিধায়ক হন উদয়নিধি। তিনি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী হয়েছিলেন।
একটি সর্বভারতীয় দৈনিকে গত জুলাই মাসেই সংবাদ বেরিয়েছিল যে, উদয়নিধি নিজেই উদয়নিধি উপমুখ্যমন্ত্রী হতে চাইছেন। তাতে সরকারে যেমন তাঁর প্রভাব বাড়বে, তেমনই বাবার উপর থেকে প্রশাসনিক ভার কিছুটা লাঘব করাই লক্ষ্য, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের।
জানা গিয়েছে, অগাস্টে স্ট্যালিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগেই উদয়নিধির উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু কিছু বিষয়ে তা পিছিয়ে যায়।
এদিকে, নিয়োগ দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সেন্থিল বালাজি। তিনি জেল থেকে ছাড়া পাওয়ার ২ দিনের মধ্যেই মন্ত্রিসভায় ফিরলেন। যে দফতরগুলি থেকে পদত্যাগ করতে হয়েছিল, তার সবগুলিই ফিরে পেলেন মন্ত্রী হিসেবে নয়া ইনিংস শুরু করার সময়। তাঁকে তামিলনাড়ুর পশ্চিমের জেলাগুলির সংগঠন দেখার দায়িত্বও দেওয়া হচ্ছে।
উদয়নিধি উপমুখ্যমন্ত্রী হলে ডিএমকে দলে ভারসাম্যের সমস্যা হবে কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু হেভিওয়েট মন্ত্রীরা বহাল তবিয়তে থাকায় দলের মধ্যে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications