মুখোমুখি সংঘর্ষে ব্রহ্মপুত্রে ডুবল ২টি নৌকা, নিখোঁজ একাধিক যাত্রী, চলছে উদ্ধার কাজ
অসমে ভয়াবহ নৌকাডুবি। বুধবার জোরহাটের কাছে ব্রহ্মপুত্র নদীতে দুটি নৌকার মুখোমুখি ধাক্কায় নৌকাদুটি ডুবে যায়। জানা গিয়েছে, এই নৌকা ডুবির পর একাধিক মানুষ নিখোঁজ। তবে অসম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে। চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, দু’টি নৌকা মিলিয়ে মোট ১০০ জন যাত্রী ছিলেন। গুয়াহাটি থেকে ৩৫০ কিমি দূরে জোরহাটের নিমাতি ঘাটে দু’টি নৌকার মুখোমুখি ধাক্কায় ডুবে যায়। দুর্ঘটনার জেরে অনেকেই তলিয়ে যান। অসম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে। চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, সরকারি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগের একটি নৌকা মাজুলি থেকে আসছিল নিমাতি ঘাটের দিকে এবং অন্যটি বিপরীত দিক থেকে আসে।
দুর্ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে যে দু’টি নৌকাই ধাক্কা লাগার পর ডুবে যাচ্ছে, কিছুজন যাত্রী নৌকাটিকে ধরার চেষ্টা করছে আবার কিছুজন যাত্রী নিজেদের বাঁচাতে জলে ঝাঁপ দিচ্ছেন। অনেক যাত্রী এখনও পর্যন্ত নিখোঁজ। যাত্রীদের ব্যাগ, বাইক ও গাড়ি সহ নৌকা দুটি একেবারে জলের তলায় চলে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তারা উদ্ধার অভিযান শুরু করেছে। শিশু সহ অনেককে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পরই অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব মাজুলি এবং জোরহাট জেলার জেলা প্রশাসনকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং এসডিআরএফ–এর সাহায্যে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই দুর্ঘটনা নিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। যদিও এখনও এই ঘটনায় কতজন আহত হয়েছেন, কতজনকে উদ্ধার করা গিয়েছে তার হিসাব এখনও পাওয়া যায়নি।
মুখ্যমন্ত্রী টুইটে বলেছেন, 'জোরহাটের কাছে নিমাত ঘাটে হওয়া মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় আমি খুবই বিচলিত।’ মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে তিনি বৃহস্পতিবার নিমাত ঘাট পরিদর্শনে যাবেন। এর আগেও ব্রহ্মপুত্রে নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং বহু মানুষ মারা গিয়েছে।












Click it and Unblock the Notifications