নিশানায় ওবামা, সাধারণতন্ত্র দিবসে হামলার ছক জঙ্গিদের
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর: সাধারণতন্ত্র দিবসের অতিথি মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার ওপর হামলা চালাতে পারে জঙ্গিরা। ১০ জন জঙ্গি এই উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে ঢুকে পড়েছে নেপাল সীমান্ত পেরিয়ে। গোয়েন্দা সূত্রে এমন খবর মেলার পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার।
প্রতিবারই কোনও না কোনও বিদেশি রাষ্ট্রনায়ক এ দেশের সাধারণতন্ত্র দিবসে অতিথি হয়ে আসেন। এ বার আসছেন বারাক ওবামা। তাই দিল্লির অন্দরমহলে এখন সাজো-সাজো রব। এই পরিস্থিতিতে গোয়েন্দারা দাবি করেছেন, সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লিতে বিভিন্ন জায়গায় নাশকতা চালাতে পারে জঙ্গিরা। পাশাপাশি, ওবামার ওপরও হামলা হতে পারে।

ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে, ১১ ডিসেম্বর ওই জঙ্গিরা করাচি থেকে রওনা হয়েছিল। ২০ ডিসেম্বর নেপাল সীমান্তের বীরগঞ্জ দিয়ে তারা ভারতে ঢোকে। এখন রক্সৌলে লুকিয়ে রয়েছে। ১০ জানুয়ারির আগেই দিল্লিতে ঢুকবে তারা। পাশাপাশি, উত্তরপ্রদেশের ফরিদাবাদ ও গাজিয়াবাদে প্রচুর অস্ত্র, গোলাবারুদ এনে লুকিয়ে রাখা হয়েছে। গোটা পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।
প্রশ্ন হল, পাক-মদতপুষ্ট জঙ্গি কেন মার্কিন রাষ্ট্রপতির ওপর হামলা চালাতে চায়? কারণ, যদি এ দেশের ওবামার ওপর হামলা হয়, তা হলে গাফিলতির দায়ে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে। সেক্ষেত্রে মার্কিন প্রশাসনের রোষের মুখে দিল্লিকে পড়তে হবে বলে ধারণা আইএসআই কর্তাদের।












Click it and Unblock the Notifications