জম্মুতে লস্করের জঙ্গি হামলা, মৃত ৩, আহত ১০ জন
জম্মু, ২০ মার্চ : ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকায়। এদিন সকালে জম্মুর কাঠুয়া জেলার রাজবাগ থানায় পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায় বলে অভিযোগ। জঙ্গিরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ইত্যাদি নিয়ে হামলা চালালে ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পুলিশকর্মী, একজন সিআরপিএফ জওয়ান ও একজন সাধারণ মানুষ বলে জানা গিয়েছে। ঘটনায় দশজন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজন সিআরপিএফ জওয়ান বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৬টা নাগাদ ওই থানায় হামলা চালায় জঙ্গিরা। প্রকাশ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে থানার ঢোকে জঙ্গিরা। এরপর গুলির লড়াই চলতে থাকে। ঘটনায় ২ জঙ্গি মারা গিয়েছে জানিয়ে সংসদে এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জওয়ান ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রশংসা করেন।
জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিংহ ঘটনার নিন্দা করেন। অন্যদিকে, জানা গিয়েছে, ঘটনার পর জম্মু ও কাশ্মীরের ডিজি রাজেন্দ্র কুমারের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এল সি গোয়েল। হামলার পিছনে লস্কর জঙ্গিদের হাত রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর।
জঙ্গিরা পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসেছে বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় জম্মু-পাঠানকোট জাতীয় সড়ক।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে পিডিপি-বিজেপি জোট।












Click it and Unblock the Notifications