যোগী উত্তরপ্রদেশে, পঞ্জাবে কেজরি! আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে পছন্দের মুখ্যমন্ত্রী কে
বছর ঘুরলেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে পাঁচ রাজ্যে সম্ভাব্য নির্বাচনী ফলাফলের আভাস দিন এবিপি-সি ভোটারের সমীক্ষা। সেইসঙ্গে পাঁচ রাজ্যে কারা মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে, তারও আভাস মিলল সমীক্ষায়।
বছর ঘুরলেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে পাঁচ রাজ্যে সম্ভাব্য নির্বাচনী ফলাফলের আভাস দিন এবিপি-সি ভোটারের সমীক্ষা। সেইসঙ্গে পাঁচ রাজ্যে কারা মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে, তারও আভাস মিলল সমীক্ষায়। এই সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, পঞ্জাবে অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা ৫ রাজ্যে
এবিপি নিউজ-সি ভোটার উত্তরপ্রদেশ-পঞ্জাবসহ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটের আগে ভোটারদের মন বুঝতে একটি সমীক্ষা পরিচালনা করে। আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলেছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে ভোট হবে। সেই ভোটে তিন রাজ্যে বিজেপির পাল্লা ভারী। এক রাজ্যে কংগ্রেসের, এক রাজ্যে আপের।

সরকার এবং বিরোধী দলের জন্য চ্যালেঞ্জিং ২০২২
২০২২ সালের বিধানসভা নির্বাচনের জন্য সি ভোটার ও এবিপি নিউজ একটি সমীক্ষা করে। এবার সবকটি নির্বাচনী সরকার এবং বিরোধী দলের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি বা আপ, সমাজবাদী পার্টি বা এসপির মতো মূলধারার দলগুলি ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। বেশ কয়েকটি আঞ্চলিক দলকেও আসন্ন নির্বাচনে গেম-চেঞ্জার হিসাবে দেখা যাচ্ছে এবার।

পাঁচ রাজ্যে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে পছন্দের প্রার্থী কে
পাঁচ রাজ্যে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে পছন্দের প্রার্থী কে? তা নিয়েও সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষা অনুযায়ী উল্লেখযোগ্যভাবে এক রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে রয়েছে। তিনি হলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে রয়েছেন পছন্দের তালিকায়।

উত্তর প্রদেশ
বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখনও হিন্দি-বলয়ের সর্ববৃহৎ রাজ্যে সর্বাধিক পছন্দের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে রয়েছেন। ৪০ শতাংশ রায় তাঁর পক্ষে পড়েছে। আদিত্যনাথের পরে রয়েছেন ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি ২৭ শতাংশ ভোট পেয়েছেন। বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। উত্তরপ্রদেশের মাত্র ১৫ শতাংশ ভোটার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত করেছেন প্রাক্তন এই মুখ্যমন্ত্রীকে। উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী চেয়েছেন মাত্র তিন শতাংশ। রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরীকে ২ শতাংশ ভোটার উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখছে।

পঞ্জাব
সমীক্ষায় প্রকাশ, পঞ্জাবের নির্বাচনে এবার আম আদমি পার্টির জন্য একটি বড় আনন্দের বিষয় হতে পারে। কারণ অরবিন্দ কেজরিওয়াল ২২ শতাংশ ভোট পেয়ে মুখ্যমন্ত্রীর তালিকায় সবথেকে পছন্দের প্রার্থী হিসেবে উঠে এসেছেন। উত্তরদাতাদের মধ্যে ১৯ শতাংশ মনে করেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রীর সবচেয়ে পছন্দের প্রার্থী। কংগ্রেসের জন্য আরেকটি ধাক্কা, বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে মাত্র ১৮ শতাংশ উত্তরদাতা মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। অন্যান্য জনপ্রিয় মুখের মধ্যে আপ সাংসদ ভগবন্ত মান এবং পঞ্জাব কংগ্রেস প্রধান নভজ্যোৎ সিং সিধুকে যথাক্রমে ১৬ শতাংশ এবং ১৫ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন।

গোয়া
বিজেপি নেতা এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আসন্ন নির্বাচনের জন্য সবচেয়ে পছন্দের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে রয়েছেন। ৩৩ শতাংশ উত্তরদাতা তাঁর পক্ষে রায় দিয়েছেন। কেজরিওয়ালের দল থেকে একজন প্রার্থী নির্বাচন ১৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বিজেপির বিশ্বজিৎ রানেও ১৪ শতাংশ ভোট পেয়ে সাথে দৌড়ে আছেন গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে।

উত্তরাখণ্ড
উত্তরাখণ্ড রাজ্যে কংগ্রেস পার্টির জন্য কিছুটা উৎসাহব্যাঞ্জক হয়ে উঠতে পারে। ৩১ শতাংশ ভোটার হরিশ রাওয়াতকে আসন্ন নির্বাচনে সবচেয়ে পছন্দের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। সম্প্রতি নিযুক্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির পক্ষে ২৩ শতাংশ ভোট পড়েছে। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আপের কর্নেল অজয় কোথিয়ালকে ১০ শতাংশ মানুষ সেরা মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দিয়েছেন।

মনিপুরেও এগিয়ে বিজেপি
আর মনিপুরেও এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি এবার বৃহত্তম দল হয়েই মনিপুরের শাসন ক্ষমতা দখল করতে চলেছে। কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকবে এই রাজ্যে। এ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে পছন্দের কে, ব্যক্তিগতভাবে সেই সমীক্ষা করা হয়নি। দলগতভাবে এগিয়ে বিজেপি।












Click it and Unblock the Notifications