ত্রিপুরায় পুরভোট স্থগিতের আর্জি খারিজ, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ত্রিপুরায় পুরভোট স্থগিতের আর্জি খারিজ, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ত্রিপুরার পুরসভা নির্বাচন স্থগিতের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে ত্রিপুরায় পুর নির্বাচনে হিংসা রুখতে শীর্ষ আদালতের তরফে কড়া নির্দেশে দেওয়া হয়েছে বিপ্লব দেব সরকারকে। সুপ্রিম কোর্ট তৃণমূলের আর্জি খারিজ করে দিলেও, বিজেপি সরকারকে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে মঙ্গলবার।

মঙ্গলবার দুবার সুপ্রিম কোর্টে ত্রিপুরার পুরসভা নির্বাচন সংক্রান্ত মামলা মুলুতুবি হয়। তারপর এদিন বিকেলে শুনানি শুরু হলে সুপ্রিম কোর্টের বিচারপতি তৃণমূলের পুরভোট স্থগিতের আর্জি খারিজ করে দেন। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, তা শেষ করা হবে। ২৩ নভেম্বর মঙ্গলবার সাড়ে চারটেয় প্রচার শেষ হবে। ২৫ নভেম্বর যথারীতি ভোট হবে এবং ২৮ নভেম্বর গণনা হবে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন স্থগিত করা শেষ এবং একেবারে চরম উপায়। আমাদের উদ্দেশ্য নির্বাচন স্থগিত করা নয়। তৃণমূল যে আশঙ্কা প্রকাশ করেছে, তা নিয়ে ত্রিপুরা সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় অবাধ হয়, তার জন্য যথাযথ সমাধানের বিকল্প রাস্তা বের করা যেতে পারে। পুরসভা নির্বাচনের বাকি পর্যায়গুলি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করতে হবে। সেজন্য নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপি সরকারের প্রশাসনকে আলোচনা করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার দিল্লিতে আসে তৃণমূল কংগ্রেস সাংসদের একটি প্রতিনিধি দল। ত্রিপুরা পুলিশের হাতে দলীয় নেতা-কর্মীদের আক্রান্ত হওয়া, দলের যুবনেত্রী সায়নী ঘোষকে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগে সুপ্রিমে কোর্টে ত্রিপুরা পুরভোটের উপযুক্ত পরিবেশ নেই বলে তাঁরা আবেদন করেন। তৃণমূলের তরফে আবেদন করা হয় পুরসভা নির্বাচনে পিছিয়ে দিতে।
সেই মামলার শুনানিতে ত্রিপুরায় পুর নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ত্রিপুরা সরকারের উপর সন্তুষ্ট নয় বলে জানায় সুপ্রিম কোর্ট। ত্রিপুরা সরকারকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রিপুরার পুরসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, তা জানাতে হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বিরোধীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছিল ত্রিপুরার ডিজিপিকে। কিন্তু কয়েকদিনের ঘটনায় দেখা যায় বিরোধীরা ভোট প্রচার করতে পারছেন না। তারা আক্রান্ত হচ্ছেন। উল্টে তাদের নেতানেত্রীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
তৃণমূলের ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, এদিন থেকে ভোট গণনার দিন পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানাতে হবে। দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়। পরে ফের তা ৩টে ৪৫ মিনিট পর্যন্ত মুলতুবি রাখে সুপ্রিম কোর্ট। শুনানি শুরু হলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেন পুরভোট স্থগিত হচ্ছে না। তবে ত্রিপুরা সরকারকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।












Click it and Unblock the Notifications