Share Market: শুয়েই পড়েছে শেয়ার বাজার, বিনিয়োগকারীদের ৭.৪৬ লক্ষ কোটি টাকা গায়েব!
Share Market: শেয়ার বাজারের রক্তক্ষরণ অব্যাহত। কয়েকটি সেশনে টানা পতনের পর ফ্ল্যাট ট্রেডিং চলছিল। কিন্তু শুক্রবার বাজার খুলতেই শেয়ার বাজারের সূচকগুলিতে (Index) ফের বড় পতন। শুক্রবার সকালে বিনিয়োগকারীদের (Investors) পুঁজির ৭.৪৬ লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স (sensex) ও নিফটি (Nifty) দুই সূচকই নিম্নগামী।
সকাল সাড়ে ৯টা নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ০.৯৪ শতাংশ অর্থাৎ ৭০০.৮০ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭৩৯১১.৬৩। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ০.৯১ শতাংশ অথবা ২০৮.৪৫ পয়েন্ট নিম্নগামী হয়ে দাঁড়ায় ২২৩৩৬.৬০। নতুন করে শুল্কের হুঁশিয়ারি ও বাণিজ্য-সংঘাতের ভয়ে পিছপা হতে বাধ্য হচ্ছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগের প্রবণতার মনোভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে সূচকে তীব্র পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সংস্থাগুলির বাজারগত মূলধন শুক্রবার সকালে ৭ লক্ষ ৪৬ হাজার ৬৪৭.৬২ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৩ হাজার ৫৬২.৯১ কোটি টাকা। সেনসেক্স সূচকের আওতাভুক্ত কোম্পানিগুলির মধ্যে এদিন টেক মাহিন্দ্রা, ইণ্ডাসাইন্ড ব্যাঙ্ক, মারুতি, এইচসিএল টেক, টাটা কনসালটেন্সি সার্ভিস, ইনফোসিস, মাহিন্দ্রা অ্য়ান্ড মাহিন্দ্রা ও টাইটান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অপরদিকে এদিন মুনাফা অর্জন করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ড্রাস্টিজ ও আদানি পোর্টস সংস্থাগুলি। তবে একা ভারত নয়, এশিয়ান মার্কেটে সিওল, টোকিও, সংহাই ও হংকংয়ের বাজারও বেশ ঝুঁকির সঙ্গে ট্রেডে সামিল হয়েছে। এপ্রসঙ্গে রিলায়েন্স সিকিউরিটিজের হেড অফ রিসার্চ বিকাশ জৈন জানান, "আমেরিকার বাজার পড়ে গিয়েছে। পাঁচ মাসে সর্বনিম্ন। যদিও ট্রাম্পের শুল্ক হুমকির জেরে মার্কিন কোষাগারের শ্রীবৃদ্ধিই ঘটেছে।"
জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থার চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমারের মতে, স্টক মার্কেটে অনিশ্চয়তা একেবারেই নাপসন্দ। কিন্তু যবে থেকে ট্রাম্প মার্কিন মসনদে প্রেসিডেন্ট হয়ে বসেছেন, তবে থেকে অনিশ্চয়তা বেড়েই চলেছে। তিনি বলেন, "চিনের উপর নতুন করে ১০ শতাংশ শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। মার্কেট ভিউ থেকেই স্পষ্ট, মসনদে বসার প্রথম কয়েক মাস দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েই কাটাবেন ট্রাম্প। পরে নিজেদের সুবিধামতো একটা সমঝোতা করবেন। তবে এব্যাপারে চিনের কী জবাব হয়, তাতেও নজর রাখতে হবে।"












Click it and Unblock the Notifications