এসআইআরের বিরোধিতা! সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত তামিলনাড়ুতে হওয়া সর্বদলীয় বৈঠকে
দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে এসআইআরের প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ চলছে।
মঙ্গলবার থেকেই ফর্ম নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন ফর্ম নিয়ে, ভোটার যাচাই করতে। মঙ্গলবারই এসআইআরের বিরোধিতায় কলকাতায় মেগা মিছিলে হাঁটবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার এসআইআরকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি সর্বদলীয় বৈঠকে। আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনিই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
নির্বাচন কমিশন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরে ভোটার তালিকার এই সংশোধন করার অনুরোধ প্রত্যাখ্যান করায়, শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্ট্যালিন।
তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
তিনি আরও বলেন, "২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরে ভোটার তালিকার এই সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেই অনুরোধ গ্রহণ করেনি। আমাদের অনুরোধ মানা হলে সংশয় ও বিভ্রান্তি ছাড়া সংশোধনী সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত। তাই, আজকের সর্বদলীয় বৈঠকে আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছি।"












Click it and Unblock the Notifications