Rath Yatra 2024: ৫৩ বছরে এই প্রথম ২ দিনের রথযাত্রা উৎসব পুরীতে, আহমেদাবাদে রথের আরতি অমিত শাহের
এবার রথ যাত্রা ২ দিন। পুরীতে বিকেল চারটেয় গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্য রওনা হবে জগন্নাথদেহ, বলরাম এবং সুভদ্রার রথ। ৫৩ বছরে এই প্রথম ২ দিনের রথযাত্রা উৎসব দেখবেন নীলাচলবাসী। পুরীর রথযাত্রা দেখতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিকে সকাল সকাল আহমেদাবাদে রথের আরতি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাতের মুখ্যমন্ত্রীও ছিলেন সেই আরতির অনুষ্ঠানে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন থাকতে পারেননি উৎসবে। তিনি আজই রাশিয়া যাচ্ছেন। তবে দেশবাসীকে রথের শুভেচ্ছা জানিয়েছেন।

সকল থেকেই শুরু হয়ে গিয়েছে পুরীতে রথযাত্রার প্রস্তুতি। লক্ষ ভক্তের সমাগম হয়েছে নীলাচলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসবেন বলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্যবার একদিনেই শেষ হয়ে যায় রথযাত্রা উৎসব। কিন্তু এবার ২ দিনে হবে সেই উৎসব। সেকারণে নিরাপত্তার বিশেষ আয়োজন করা হয়েছে। এর আগে ১৯৭১ সালে হয়েছিল ২ দিনের রথ।
পুজো অর্চনা এবং নিয়ম মেনে বিকেল চারটের সময় রথের রশিতে টান পড়বে এবার। পুরীর মন্দিরের সিংহদরজার সামনে তিনটি রথ দাঁড় করানো হয়েছে প্রতিবারের মতোই। রথের যাবতীয় অনুষ্ঠান শেষে সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিস্কার করবেন পুরীর রাজা। তারপরে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে।
এবারই প্রথম একই দিনে নবজীবন উৎসব এবং নেত্র উৎসব হবে। নবজীবন উৎসবের অর্থ হল নবযৌবন বেশে দর্শন দেবেন জগন্নাথ দেব। স্নান যাত্রার পরে ১৫টিন রুদ্ধদ্বারে ছিলেন তিনি। অনাসরা কাটিয়ে আজ ভক্তদের দেখা দেবেন জগন্নাথ দেব। নবযৌবন দর্শনেরক আগে নেত্র উৎসব হবে।
রথ যাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে পুরী। ১৮০ কোম্পানি পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্র উভয় পুলিশ বাহিনীই মোতায়েন করা হয়েছে। এআই নির্ভর সিসিটিভি নজরদারি চালাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসার কথা সেকারণে আলাদা করে ভিআইপি জোন তৈরি করা হয়েছে। সেখান দিয়ে মন্ত্রী এবং ভিভিআইপিরা দর্শন করতে পারবেন। ১৪ থেকে ১৫ লক্ষ পুন্যার্থী সমাগম হয়েছে এবার। ভিড় সামাল দিতে দমকল বাহিনীও মোতায়েন রাখা হয়েছে। ৪৬টি দমকলের ইঞ্জিন রাখা হয়েছে সেখানে।
অন্যদিকে আহমেদাবাদেও রথযাত্রা শুরু হয়ে গিয়েছে। সেখানে সকালেই পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রথের আরতি করেছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী রথের পথ ঝাড় দিয়ে পরিষ্কার করেন। তারপরে সেই পথ দিয়ে যাত্রা করবে জগন্নাথদেবের রথ।












Click it and Unblock the Notifications