গরিবদের রেলযাত্রা কেড়ে হাওয়াই চপ্পল পরাদের বিমানের স্বপ্ন দেখাচ্ছেন! ন্যায় যাত্রা থেকে মোদীকে কটাক্ষ রাহুলের
বিজেপি যে সময় তাদের ১৯৫ জন প্রার্থী সমেত লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করছে, সেই সময় রাহুল গান্ধী মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদীকে ফের একবার নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টে রাহুল গান্ধী বলেছেন, গরিবের রেলযাত্রা কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদী হাওয়াই চপ্পল পরাদের বিমানে চড়ার স্বপ্ন দেখাচ্ছেন। তিনি বলেছেন, প্রতিবছর ১০ শতাংশ ভাড়া বৃদ্ধি, গতিশীল ভাড়়ার নামে লুট, ক্রমবর্ধমান ক্যান্সেলেশন চার্জ, দামী প্ল্যাটফর্ম টিকিটের মধ্যে অভিজাত ট্রেনের ছবি দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে, যার ওপরে গরিবরা পা রাখতে পারছেন না বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।

তিনি আরও বলেছেন, সরকার গত তিন বছরে দেশের প্রবীণ নাগরিকদের থেকে দেওয়া ছাড় কেড়ে নিয়ে ৩৭০০ কোটি টাকা সংগ্রহ করেছে। তিনি অভিযোগ করেছেন, সাধারণ মানুষের ট্রেনগুলিকে যেখানে-সেখানে দাঁড় করানো হয়। গরিব ও মধ্যবিত্ত যাত্রীরা রেলে অগ্রাধিকার থেকে বাদ পড়ছেন বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী গোয়ালিয়রে বলেছেন, এসি কোচের সংখ্যা বাড়াতে গিয়ে সাধারণের জন্য কোচের সংখ্যা কমানো হচ্ছে। তিনি বলেছেন, ভারতীয় রেলে শুধু শ্রমিক-কৃষকরাই নন, ছাত্র ও কর্মরত অনেকেই যাতায়াত করেন। তিনি বলেছেন, সাধারণ কোটের তুলনায় এসি কোচের উৎপাদনও তিনগুণ বাড়ানো হয়েছে।
রাহুল গান্ধী আলাদা করে রেল বাজেট পেশ করা তুলে দেওয়ার সিদ্ধান্তকেও নিশানা করেছেন। তিনি বলেছেন, আসলে আলাদা করে রেল বাজেট পেশ করার ঐতিহ্যের অবসান ঘটানো ছিল কেন্দ্রের এইসব শোষণ লুকানোর ষড়যন্ত্র। শুধুমাত্র ধনীদের কথা মাথায় রেখে রেলে নীতি তৈরি করে ভারতের জনসংখ্যার ৮০ শতাংশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন মোদীর ওপরে আস্থা হল বিশ্বাসঘাতকতার গ্যারান্টি।
'हवाई चप्पल' वालों को हवाई जहाज की यात्रा का सपना दिखा, नरेंद्र मोदी ‘गरीबों की सवारी’ रेलवे को भी उनसे दूर करते जा रहे हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) March 3, 2024
हर साल 10% बढ़ता किराया, डायनामिक फेयर के नाम पर लूट, बढ़ते कैंसलेशन चार्जेस और महंगे प्लेटफार्म टिकट के बीच लोगों को एक ऐसी ‘एलीट ट्रेन’ की तस्वीर दिखाकर…
রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়টা পোস্টে দেশের ক্রমবর্ধমান বেকারত্বের প্রসঙ্গটিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের থেকে ভারতে বেকারত্ব তিনগুণ। বাংলাদেশ ও ভুটানের থেকে ভারতে বেকারত্ব বেশি বলেও অভিযোগ করেছেন তিনি। দেশে করা অন্যায় ও বেকারত্বকে ঢাকতেই বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
এর আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ওড়িশার ঝাড়সুগুদায় থাকার সময় রাহুল গান্ধী বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জাত নিয়ে মিথ্যা করা বলেছেন। রাহুলের দাবি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনারেল কাস্টের অন্তর্ভুক্ত, তিনি অনগ্রসর শ্রেণিভুক্ত নন।












Click it and Unblock the Notifications