করোনার 'সেকেন্ড ওয়েভ' নিয়ে বাড়ছে উদ্বেগ, মুম্বইতে লকডাউন নিয়ে কড়া বার্তা উদ্ধব ঠাকরের
করোনা ভাইরাসের সংক্রমণে ফের জর্জরিত মহারাষ্ট্র এবং মুম্বই। এই পরিস্থিতিতে এদিন মহারাষ্ট্রবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবং এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে রাজ্যে লকডাউন জারি করার পরিস্থিতি এখনও রয়েছে। তিনি এদিন বলেন, 'আমরা কি রাজ্যে লকডাউন জারি করব? এই প্রশ্নের জবাব এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু এখনও লকডাউন জারি করার পরিস্থিতি রয়েছে রাজ্যে।'

এত সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী কোথায় পাব?
এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গে যদি বলেন, তাহলে আমাদের তৎপরতার কোনও অভাব নেই। আমরা ক্রমাগত এই বিষয়ে কাজ করে চলেছি। কিন্তু আমরা এত সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী কোথায় পাব? জানুয়ারিতে একদিনে ৩৫০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছিল। কিন্তু এখন দিনে ৮৫০০ জন করে করোনা আক্রান্ত হচ্ছে।'

গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮,৬৪৮ জন
এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণের নজির গড়ল রাজ্য৷ বাণিজ্যনগরীতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮,৬৪৮ জন৷ যা গত বছর শহরে মহামারীর আবির্ভাবের পর থেকে একদিনে সবচেয়ে বেশি৷ এইসঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশাসনের আধিকারিকদের সম্পূর্ণ লকডাউনের জন্য তৈরি থাকতে বলেছেন৷

পুনেতে কার্ফু জারি
এদিকে আজ পুনেতে মহারাষ্ট্র সরকারের তরফে কার্ফু ঘোষণা করা হয়৷ আগামীকাল থেকে ১২ ঘণ্টার কার্ফু লাগু হতে চলেছে পুনেতে৷ মহারাষ্ট্র সরকারের তরফে এই খবর জানানো হয়েছে৷ এক সপ্তাহ পর পরিস্থিতি পুনর্বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে৷

বন্ধ ধর্মীয় প্রতিষ্ঠান, বার, হোটেল
একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামীকাল সন্ধে ৬ থেকে পরেরদিন সকাল ৬টা পর্যন্ত কার্ফু লাগু থাকবে৷ আগামী শুক্রবার ফের একটি বৈঠক হবে৷ সেখানে কার্ফু ও করোনা নিয়ে আলোচনা করা হবে৷ তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ সন্ধে ৬টা থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, বার, হোটেল, শপিং মল এবং সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷












Click it and Unblock the Notifications